প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, নারী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং কল্যাণে কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ মাঠে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, ‘গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ এ অঞ্চলের নারী শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। শিক্ষা একটি জাতিকে উন্নতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশ ও জাতির ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে। তাই শিক্ষার কোনো বিকল্প নেই।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে এগিয়ে যেতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। তোমরা দেশসেরা হওয়ার স্বপ্ন দেখো এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো।’
এ সময় কলেজ জাতীয়করণ ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘গফরগাঁওয়ে নারী শিক্ষাপ্রতিষ্ঠান গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের চেষ্টা করব। এই কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধার বিষয়ে সরকারের পক্ষ থেকে আমি নজর রাখব।’
গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে এবং প্রভাষক সাব্বির কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও কলেজ গভর্নিং বডির সভাপতি শামীমা সুলতানা এবং মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাছিনুন নাহার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন