প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীরা প্লাস্টিক, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন।
দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।
আজ বুধবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের একটি অনলাইন বৈঠকে এই আগ্রহের বিষয়টি উঠে আসে।
বৈঠকের সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। বৈঠকে কুয়েত চেম্বারের প্রতিনিধি, এফবিসিসিআইর কর্মকর্তা, কূটনীতিক এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
মো. ফজলুল হক বৈঠকে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্কের কথা উল্লেখ করে কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, "বাংলাদেশের চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, তৈরি পোশাক ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।" তিনি উল্লেখ করেন যে, যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা দ্রুত অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পারেন।
কুয়েতের উচ্চ ক্রয়ক্ষমতা এবং বাজার সম্ভাবনার বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত কাউন্সেলর (পলিটিক্যাল ও এইওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, "কুয়েতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।" তিনি জানান, বাংলাদেশ দূতাবাস দুই দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব বাড়ানোর জন্য কাজ করছে।
আলোচনায় বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম আহমেদ কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, "কুয়েত থেকে উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করে বাংলাদেশ।" তিনি উল্লেখ করেন যে, দুই দেশের যৌথ বিনিয়োগের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হতে পারে। এছাড়া, তিনি ব্যবসা-বাণিজ্য সহজ করতে ভিসা জটিলতা নিরসনের আহ্বান জানান।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুল ইসলাম কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে সিরামিক খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, "বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের সীমাবদ্ধতা বিবেচনায় কুয়েতে টেবিলওয়্যার সিরামিক কারখানা স্থাপনে দুই দেশের উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।"
অন্যদিকে, কুয়েত চেম্বারের প্রতিনিধি আব্দুল আজিজ কুয়েতের আবাসন খাতে বাংলাদেশে উৎপাদিত সিরামিকসহ বিভিন্ন নির্মাণ-সমাপ্তি পণ্যের বাজার সম্ভাবনার কথা তুলে ধরেন।
কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল ইমাদ আল-জায়েদ দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে তথ্য বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ জোরদারে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন।
অনলাইন বৈঠকে এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন