প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। গোটা বিনোদনজগৎ শোকস্তব্ধ হয়ে পড়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর ঘটনায়। তার নিথর দেহটি দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তৈরি হয়েছিল। দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য—এ নিয়ে সংবাদমাধ্যমের একাংশে বিস্তর জল্পনা চলছিল। সেই ঘটনার প্রায় আট বছর পর মুখ খুললেন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি।
নবদীপ সিং সুরি দাবি করেছেন, শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় তার নজরে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ আসেনি। বরং এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকা নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
এক সাক্ষাৎকারে ২০১৮ সালের সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন নবদীপ সিং সুরি। তিনি জানান, শ্রীদেবীর মৃত্যুর সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। অভিনেত্রীর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দুবাই প্রশাসন ও কাপুর পরিবারের মধ্যে সমন্বয় সাধনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছিলেন তিনি।
সুরি জানান, সংবাদমাধ্যমে একের পর এক জল্পনা ছড়িয়ে পড়ায় দুবাই প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। নিয়ম মেনে ময়নাতদন্ত করা হয়। ভিসেরা নমুনা সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়। শ্রীদেবীর স্বামী বনি কাপুরও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন।
সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রদূত ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদ পরিবেশনের ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, শ্রীদেবীর মৃত্যুর মতো একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের একাংশ কার্যত তামাশায় মেতে উঠেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে তাকেই প্রকাশ্যে এসে বক্তব্য দিতে হয়েছিল।
নবদীপ সিং সুরির ভাষায়, সেই সময় টেলিভিশন চ্যানেলগুলো সব সীমা অতিক্রম করেছিল। পুরো পরিস্থিতিকে তিনি ‘কুৎসিত ও অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন। তার আক্ষেপ, এত বছর পেরিয়ে গেলেও সংবাদমাধ্যম সেই ঘটনা থেকে কোনো শিক্ষা নিয়েছে বলে তার মনে হয় না।
উল্লেখ্য, শ্রীদেবীর আকস্মিক মৃত্যু নিয়ে সে সময় ভারতজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। দীর্ঘ সময় পর সাবেক রাষ্ট্রদূতের এই বক্তব্য নতুন করে সেই ঘটনাকে আলোচনায় নিয়ে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন