প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক সন হিউং-মিন এবং দলের অন্যান্য জ্যেষ্ঠ খেলোয়াড়রা নিজেদের মধ্যে বিরোধের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। তারা একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে দক্ষিণ কোরিয়ার ফুটবলের আগামী প্রজন্মের জন্য আদর্শ হয়ে উঠতে পারেন।
সন হিউং-মিন, লি জে-সুং, হোয়াং হি-চান, হোয়াং ইন-বম এবং কিম মিন-জে দোহা থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তারা সৌদি আরব ও কাতারের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন।
বিবৃতিতে তারা বলেছেন, “দক্ষিণ কোরিয়ার ফুটবলের জন্য আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি এবং একই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলা সতীর্থ। আমরা একে অপরের ভূমিকা ও দায়িত্বকে সম্মান করব, বিশ্বাস করব এবং দক্ষিণ কোরিয়ার ফুটবলের পরবর্তী অধ্যায় লিখতে যাওয়া তরুণ খেলোয়াড়দের জন্য ভালো উদাহরণ হয়ে কাজ করব।”
তারা আরও জানান, এই ক্যাম্পে একত্রিত হয়ে জাতীয় দল নিয়ে নিজেদের ভাবনা খোলামেলাভাবে ভাগাভাগি করেছেন।
“যেসব বিষয় নিয়ে আগে যথেষ্ট আলোচনা হয়নি, সেগুলো নিয়ে সরাসরি কথা বলেছি। এতে আমরা একে অপরের অবস্থান আরও ভালোভাবে বুঝতে পেরেছি।”
দক্ষিণ কোরিয়ার ২০২৬ বিশ্বকাপ অভিযান ব্যর্থ হওয়ার পর থেকেই দলের মধ্যে বিভক্তির গুঞ্জন শুরু হয়। বিশ্বকাপে বড় প্রত্যাশা নিয়ে যাওয়া সত্ত্বেও তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি। চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে শুরু করলেও পরে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় কোরিয়ানদের।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রবল সমালোচনার মুখে প্রধান কোচ হং মিয়ং-বো এবং কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) সভাপতি চুং মং-গিউ পদত্যাগ করেন।
এরপর সংবাদমাধ্যমে দাবি করা হয়, ১৯৯৬ সালে জন্ম নেওয়া কিম মিন-জে, হোয়াং ইন-বম ও হোয়াং হি-চানদের ‘৯৬ লাইন’-এর সঙ্গে অধিনায়ক সন ও লি জে-সুংদের ‘৯২ লাইন’-এর দূরত্ব তৈরি হয়েছে। বিশ্বকাপে সন কোনো গোল করতে না পারা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখাও আলোচনার জন্ম দেয়।
অক্টোবরে উজবেকিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। এমনও খবর ছড়ায় যে হোয়াং হি-চান, হোয়াং ইন-বম এবং কিম মিন-জে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন।
তবে খেলোয়াড়রা এসব দাবি দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন।
তাদের ভাষায়, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এসব আলোচনার পেছনে ছিল জাতীয় দলের উন্নতির প্রয়োজনীয়তা নিয়ে সবার যৌথ উদ্বেগ। নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্বার্থের সংঘাত এর কারণ নয়।”
তারা আরও যোগ করেন, “অবসরের হুমকি দিয়ে কোনো দাবি আদায়ের চেষ্টা করেছি, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।”
নতুন প্রধান কোচ পাওলো মোরেনোও এই পাঁচ খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানান, জাতীয় দল ও দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার মানসিকতা থাকাতেই তাদের দলে ডাকা হয়েছে।
মোরেনো বলেন, “একজন ফুটবলারের প্রতিভার আগেও আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় দলের প্রতি তার অঙ্গীকার। আমি যদি সেটি বিশ্বাস না করতাম, তবে তাদের দলে ডাকতাম না।”
তিনি আরও জানান, উজবেকিস্তান ম্যাচের পর যে বিষয়গুলো সামনে এসেছিল, সেগুলো নিয়ে দলের ভেতরে সরাসরি আলোচনা হয়েছে এবং এখন সবাই একই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
“সবাই একই জিনিস চায়। আমরা এমন একটি জাতীয় দল গড়তে চাই, যা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং যত বেশি সম্ভব ম্যাচ জিততে পারবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন