প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের রিয়াদের একটি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ আজ দেশে আসবে। শনাক্ত হওয়া এই নয়জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় অবস্থিত। শোকাহত স্বজনেরা প্রিয়জনের নিথর দেহ শেষবারের মতো দেখার জন্য অপেক্ষার প্রহর গুণছেন।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৩৪০) বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছানোর কথা রয়েছে।
গত ২৫ আগস্ট রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
আত্রাইয়ের শনাক্ত হওয়া সাতজন হলেন- উদনপৈ গ্রামের মো. ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এছাড়াও, নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও শনাক্ত হয়েছে।
ইউএনও মো. মনিরুজ্জামান জানান, প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে মরদেহগুলো বিনা খরচে দেশে আনার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় সনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার সাত জনের মরদেহ আসছে। মরদেহ গ্রহণের জন্য স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে শুক্রবার রাতের মধ্যে মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষ প্রথম দফায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে এই নয়জনের পরিচয় নিশ্চিত করে। তবে ডিএনএ পরীক্ষা সম্পন্ন না হওয়ায় বাকি সাতজনের পরিচয় এখনও মেলেনি। ফলে তাদের মরদেহ কবে দেশে ফিরবে তা নিয়ে স্বজনেরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন