প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্গম পাহাড়ে চিকিৎসার সুযোগ সীমিত, দূরত্ব আর অর্থনৈতিক সংকট অনেকের জন্য নিয়মিত চিকিৎসা নেওয়ার পথে বাধা। এমন বাস্তবতায় খাগড়াছড়ির দীঘিনালায় আট শতাধিক মানুষের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থাও নেওয়া হচ্ছে এ উদ্যোগে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দীঘিনালা জোনের উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চাকমা, বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ চিকিৎসা নিতে উপস্থিত হন। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যাঁদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাঁদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিয়েছে দীঘিনালা জোন।
চিকিৎসা নিতে আসা রত্না চাকমা বলেন, ‘টাকার অভাবে চোখের ডাক্তার দেখাতে পারি না। সেনাবাহিনী বিনা টাকায় চোখের চিকিৎসা করাচ্ছে। আমাদের এলাকার আরও অনেক মানুষ এই চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন, তাই আমিও এখানে এসেছি।’
আরেক রোগী বকুল হোসেন বলেন, ‘আমাদের এলাকা থেকে অনেকেই সেনাবাহিনীর এই চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। তাঁদের দেখে আমিও চোখের ডাক্তার দেখাতে এসেছি।’
চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. আরেফ রহমান ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকরা।
ক্যাপ্টেন মো. আরেফ রহমান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় দীঘিনালা জোনের উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজ দীঘিনালা মিনি স্টেডিয়ামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।’
দুর্গম পাহাড়ে চিকিৎসাসেবার সুযোগ সীমিত থাকা মানুষের কাছে এ ধরনের উদ্যোগ চোখের সমস্যায় ভোগা অনেক মানুষের উন্নত চিকিৎসার পথও খুলে দেয়
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন