প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রতিদিন ভোর ৬টায় রিকশা নিয়ে রাস্তায় নামেন ৪৫ বছরের মোমেন মিয়া। ঘণ্টা খানেক প্যাডেল ঘোরানোর পর পেটে যখন ক্ষিধে লাগে, তখন টং দোকানই ভরসা হয়ে দাঁড়ায়। তিনি একটি বনরুটি, কলা, কেক এবং এক কাপ চা দিয়েই সকালের নাশতা সারেন। এতে তার খরচ হয় ৪০ টাকা। কিন্তু কয়েক বছর আগে এই একই বেকারি পণ্যের জন্য খরচ করতে হতো ২০ থেকে ৩০ টাকা। এখন তা শুধুমাত্র স্মৃতি হয়ে দাঁড়িয়েছে।
বেকারি পণ্যে মূল্যস্ফীতির চাপ গরিব ও শ্রমজীবী মানুষকে ভোগাচ্ছে। ছাত্র, রিকশা-ভ্যানচালক কিংবা দিনমজুরের মতো যেসব মানুষের প্রতিদিনের আয় খুব কম, তাদের খাবারের বাজেট থাকে টানটান। ফলে রিকশাচালক মোমেন মিয়ার মতো নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও শিক্ষার্থীরা প্রতিদিনের সামান্য নাশতার খরচ মেটাতে নাভিশ্বাস ফেলছেন।
২০২১ সাল নাগাদ দেশে সাধারণ মূল্যস্ফীতি ৫.৫ থেকে ৬ শতাংশের মধ্যে সহনীয় অবস্থায় ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে, যা গত আগস্টে ছিল ৮.২৬ শতাংশ। খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭.২২ শতাংশে পৌঁছেছে, যা আগস্টে ছিল ৭.০২ শতাংশ। করোনা পরবর্তী বিশ্ব অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক বাজারে গম, ভোজ্য তেল ও জ্বালানির দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার দাম কমায় বাজার পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে।
কাঁচামাল ও পরিবহন খরচ বাড়ানোর কারণে ২০২৪ সালের দিকে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে ২০২৬ সালে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি ৭.২২ শতাংশের আশপাশে অবস্থান করছে। তবে গত পাঁচ বছরের মধ্যে বেকারি শিল্পের বাজার সম্পূর্ণ বদলে গেছে। ফলে পাঁচ বছর আগে যে নাশতা ২০ টাকায় সারা যেত, বর্তমানে একই পরিমাণের নাশতায় খরচ হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। যা বেড়েছে প্রায় ৩০০ শতাংশ।
এ বিষয়ে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএবিবিএমএ) সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া মন্তব্য করেন, কাঁচামালের দাম বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের উচ্চমূল্য এবং শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। উৎপাদন খরচ সামলাতে বিভিন্ন রকম অফার ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।
তিনি আরো বলেন, "আমরা চাই না পণ্যের দাম বাড়ুক। এ জন্য সরকারের কাছে বিভিন্ন ধরনের নীতিগত সহায়তা চাচ্ছি। গ্যাস ও বিদ্যুতের মতো ইউটিলিটি সেবায় ভর্তুকি দেওয়া, কমানো বা নির্দিষ্ট সময়ের জন্য ভ্যাটমুক্ত সুবিধা দেওয়া হলে উৎপাদনকারীরা বর্তমান অবস্থায় টিকে থাকতে পারবেন।"
তিনি জানান, এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে উৎপাদন খাতের সমস্যাগুলো তুলে ধরে প্রয়োজনীয় নীতিসহায়তা চাওয়া হবে।
সরেজমিন রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, টং দোকানগুলোতে সব ধরনের বেকারি পণ্যের দাম বেড়েছে। পাউরুটি, বনরুটি, চাকরুটি, নসিবন, মধুবন, প্যাকেটজাত কিংবা খোলা কেক এবং মিষ্টি ও লাড্ডু ১০ টাকা থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। দাম বৃদ্ধির পাশাপাশি, কিছু প্রতিষ্ঠান পণ্যের দাম ঠিক রেখে ওজন ও আকার কমিয়ে দিয়েছে। ১৫ টাকার একটি কেকের প্যাকেটের আকার ছোট লাড্ডুর মতো হয়ে গেছে। এ ছাড়া বাচ্চাদের পছন্দের চিপসেও একই অবস্থা। বাজারে ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে চিপস পাওয়া যাচ্ছে। তবে এসব চিপসের প্যাকেট খুললে দেখা যায় চিপসের পরিমাণের চেয়ে হাওয়াই বেশি। উৎপাদনকারীরা কোনো পণ্যের দাম না বাড়িয়ে সেটির পরিমাণ বা ওজন কমানোর মাধ্যমে ক্রেতাদের পকেট কাটছে প্রতিদিন। টং দোকান থেকে ভালো মানের একটি কলা কিনতে খরচ করতে হয় ১৫ থেকে ২০ টাকা। এছাড়া টং দোকানে এক কাপ রং চা ১০ টাকার কমে পাওয়া যায় না। আর দুধ চায়ের দাম ঠেকেছে ১৫ থেকে ২০ টাকায়। আগে ৫ টাকায় পাওয়া সাধারণ এক পিস বিস্কুটের দাম অপরিবর্তিত থাকলেও সাইজ অনেক ছোট হয়ে এসেছে। ১০ টাকার বিস্কুটের প্যাকেটেও পরিমাণ অনেকাংশেই কমে এসেছে এবং আকারে ছোট হয়েছে। রাজধানীতে গড়ে ওঠা লাইভ বেকারির পণ্যের দামও বেশ চড়া, যা নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে।
এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহসভাপতি নাজের হোসাইন বলেন, বাজারে বেকারি পণ্যের দাম নিয়ে নজিরবিহীন অরাজকতা তৈরি হয়েছে। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে ‘ফ্রি-স্টাইলে’ পণ্যের দাম বাড়ানোর সংস্কৃতি গড়ে উঠেছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার আলোচনা বা মতামত গ্রহণ ছাড়াই যেভাবে হুটহুট দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, তা দেশের সমগ্র খাদ্য বাজারের জন্য এক চরম অশনি সংকেত। তিনি বলেন, "যেকোনো পণ্যের দাম সমন্বয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে যৌক্তিক মূল্য নির্ধারণ করা উচিত। যাতে কোনো অসংগতি থাকলে সরকার তা নিরসন করতে পারে।"
তিনি আরো বলেন, এর আগে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে বেকারি পণ্য প্রস্তুতকারক ব্যবসায়ীদের পণ্যে ২০ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করা হয়। কিন্তু বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। যেসব কাঁচামালের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে এক লাফে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর কথা বলা হয়েছে তার কোনো যৌক্তিকতা নেই।
দুর্বল তদারকি ও বাজার সিন্ডিকেটের কথা উল্লেখ করে নাজের হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে মিষ্টি ও বেকারি পণ্যের ক্ষেত্রে সরকারি তদারকি সংস্থাগুলোর দৃশ্যমান নিষ্ক্রিয়তা ও শিথিলতার কারণে ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন। বাজারে কৃত্রিম সংকট তৈরি করা কিংবা স্বেচ্ছাচারে দাম নির্ধারণ করা এখন নিত্যদিনের চিত্র। নিয়মিত মনিটরিং বা তদারকি না থাকায় এর চূড়ান্ত মাশুল গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।
তিনি আরো বলেন, জনস্বার্থে বাজারের এই নৈরাজ্য অবিলম্বে বন্ধ করা জরুরি। বেকারি পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যের বাজারে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নজরদারি সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন