বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪৫ পি.এম
২০২৭ সালে দাখিল ও এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১৩টি বিষয়ের অভিন্ন প্রশ্নপত্র তৈরি করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
দাখিল ও এসএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো―বাংলা ২য় পত্র (১০২), ইংরেজি ১ম পত্র (১০৭), ইংরেজি ২য় পত্র (১০৮), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (১৫৪), গণিত (১০৯), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০), পদার্থবিজ্ঞান (১৩৬), রসায়ন (১৩৭), জীববিজ্ঞান (১৩৮), উচ্চতর গণিত (১২৬), পৌরনীতি ও নাগরিকতা (১৪০), কৃষিশিক্ষা (১৩৪) ও গার্হস্থ্যবিজ্ঞান (১৫১)।
এদিকে বাংলা ১ম পত্রের পরিবর্তিত বিষয় কোড ১০১ হলেও, এসএসসি ও দাখিল পর্যায়ের সিলেবাসের ভিন্নতার কারণে ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
তবে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় কোড বহাল থাকবে এবং পূর্বের মতো আলাদা প্রশ্নপত্র তৈরি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রাজারহাটে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম জিহাদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাই বাজারের তেল পাম্প সংলগ্ন সড়ক থেকে সামিউলকে গ্রেপ্তার করা হয়। সামিউল ইসলাম জিহাদ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলার রায়কে কেন্দ্র করে ছিনাই বাজারের তেল পাম্পসংলগ্ন সড়কে পেট্রল দিয়ে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় সামিউল ইসলাম জিহাদসহ অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সদর উপজেলা, পটুয়াখালী ১৬ সেপ্টেম্বর ২০২৬ :জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী সদর উপজেলায়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আবৃত্তি, নজরুলসংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরছে।
আয়োজকরা জানান, নজরুলের সৃষ্টিশীলতা, মানবতাবাদ ও সাম্যের দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
পটুয়াখালী সদর উপজেলা, ১৬ সেপ্টেম্বর ২০২৬।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু ঘটেছে। চলতি বছরে নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৪৪ জনে পৌঁছেছে। সব মিলিয়ে, হামে ও হামের উপসর্গের কারণে মোট ১ হাজার ৪৪ শিশুর প্রাণহানি ঘটেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন মারা গেছে। এই সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১৯৪, চট্টগ্রামে ২৮৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৬৩, খুলনায় ৯৭ এবং রংপুরে ১৭ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২০ হাজার ২৮২ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর শহিদ ফেলানী হলের শিক্ষার্থীদের উন্নত সুবিধা নিশ্চিত করতে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের আধুনিকীকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে শহিদ ফেলানী হলের নিচ তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আধুনিকায়ন করা রিডিং রুম ও সেমিনার রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর। শহিদ ফেলানী হলের বিভিন্ন সমস্যা আমরা ধাপে ধাপে সমাধান করছি। গরমের দিনে বা পরীক্ষার সামনে শিক্ষার্থীরা যেন কোনো প্রকার বিঘ্ন ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সেজন্য এসি রুম ও পর্যাপ্ত আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং শহিদ ফেলানী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা। এছাড়াও হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ