প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর, ১২ নভেম্বর, ২০২৬ : সদর উপজেলায় বরাদ্দকৃত ৫ টন সরকারি চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির বিষয়ে দায়ের করা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনার সুষ্ঠু অনুসন্ধান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দাখিল করা প্রতিবেদনটি দুদক সচিব বরাবর পাঠানোর আদেশ দেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।
আদালত থেকে জানানো হয়েছে, গত ১১ অক্টোবর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা চাঁদপুর সিএসডি গোডাউন থেকে জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল গ্রহণ করেন।
অভিযোগ রয়েছে যে, চালগুলো প্রকৃত উপকারভোগী জেলেদের মধ্যে বিতরণ না করে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন তিনি। পরবর্তীতে ওই চাল ট্রাকে করে কুমিল্লার লাকসাম উপজেলায় পাচারের চেষ্টা করা হয়।
ঘটনার দিন বিকেলে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চালবোঝাই ট্রাকটি আটক করেন।
এ ঘটনায় ওই দিন রাতেই চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
আদালতের আদেশে বলা হয়েছে, সরকারি চাল আত্মসাৎ, ক্রয়-বিক্রয় ও পরিবহনের অভিযোগটি প্রাথমিকভাবে দণ্ডবিধি ও সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে এটি দুর্নীতি দমন কমিশন আইনে তফসিলভুক্ত অপরাধ।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইনের ১৭ ধারা অনুযায়ী এ ধরনের অপরাধের অনুসন্ধান, তদন্ত ও মামলা দায়েরের এখতিয়ার কেবল দুর্নীতি দমন কমিশনের। ফলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নেই।
এ অবস্থায় সরকারি চাল আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদকে দাখিল করা প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনের সচিব ঢাকা বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন