প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্টের বাইরে আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না বলে জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। নারী ও শিশুদের প্রতি সহিংস আচরণের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে স্কটল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি। তবে, ২০২৪ ও ২০২৬ সালের বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দুই দল পরস্পরের বিপক্ষে খেলেছে।
চলতি গ্রীষ্মের শুরুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে অনুশীলন সুবিধা ব্যবহারের জন্য আবেদন জানালে, বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। কিন্তু স্বল্প সময়ের নোটিশ এবং উপযুক্ত ভেন্যু না থাকায় ওই আবেদন প্রত্যাখ্যাত হয়।
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্কটিশ খেলোয়াড়দের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও এসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। সেটিও এই পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ কারণ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ জর্জ মানসি গত সপ্তাহে অনুষ্ঠিত এপিএলের ড্রাফটে জায়গা পাওয়া একমাত্র স্কটিশ খেলোয়াড়। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, আইসিসির অনুমোদন সাপেক্ষে তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের সংশোধিত নীতি সম্পর্কে সোমবার স্কটল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব পুরুষ ও নারী ক্রিকেটারকে অবহিত করা হয়েছে।
এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড বলেছে, “খেলোয়াড়দের সঙ্গে চুক্তিতে উল্লেখিত নিজস্ব বাধ্যবাধকতা মেনে চলবে ক্রিকেট স্কটল্যান্ড। কোনো খেলোয়াড়কে এনওসি দেওয়া হলে তার অংশগ্রহণকে বর্তমান আফগান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচনা করা যাবে না।”
বোর্ড আরও স্পষ্ট করেছে, আইসিসির ইভেন্টে বাধ্যতামূলক হলে, এমনকি প্রস্তুতি ম্যাচেও, কেবল তখনই আফগানিস্তানের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
এ ছাড়া আফগানিস্তান নারী ক্রিকেট এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিতে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ না এলে দেশটির বিপক্ষে নিজেদের উদ্যোগে কোনো ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়েছে বোর্ড।
ক্রিকেট স্কটল্যান্ডের এই সিদ্ধান্ত আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুরূপ অবস্থানের ধারাবাহিকতা।
২০১৭ সালে আফগানিস্তানকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়া হলেও নারী জাতীয় দলকে অর্থায়ন এবং নারী ক্রিকেটের উন্নয়নে কাঠামো প্রতিষ্ঠার শর্ত পূরণ না করায় তা নিয়ে প্রশ্ন উঠেছে।
২০২১ সালে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারী ও মেয়েশিশুদের পরিস্থিতির অবনতি ঘটে। বিশেষজ্ঞরা তাদের ওপর আরোপিত বিধিনিষেধকে ‘জেন্ডার অ্যাপারথেইড’ বা লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে মিল রেখে চলতি গ্রীষ্মের শুরুতে ইংল্যান্ড সফর করেছে আফগানিস্তান রিফিউজি উইমেন্স একাদশ। দলটির অধিকাংশ খেলোয়াড়ই অস্ট্রেলিয়ায় বসবাস করেন।
এ বছরের শুরুতে আইসিসি একটি রোডম্যাপও তৈরি করেছে, যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে শরণার্থী নারী দলটি আইসিসির আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। এর মধ্য দিয়ে আফগান নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন