প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের উজিরপুরে সানুহার-ধামুরা সড়কের উন্নয়নকাজের আড়ালে সরকারি গাছ লুটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে, প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে প্রকাশ্যে ও গোপনে এসব গাছ কেটে নেওয়া হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সূত্র অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সানুহার-ধামুরা সড়কের সংস্কার ও উন্নয়নকাজ চলমান রয়েছে। গত ২ নভেম্বর বিকেল ৪টার দিকে উন্নয়নকাজ পরিদর্শন শেষে উপজেলা প্রকৌশলী অফিসে ফিরে যান। পরে ৩ নভেম্বর সকাল ১০টায় পুনরায় পরিদর্শনে গিয়ে তিনি সড়কের মাঝের অংশে বেশ কয়েকটি বড় গাছ কাটা অবস্থায় দেখতে পান। ইতিমধ্যে সানুহার-কচুয়া পর্যন্ত সড়কের দুই পাশের ছোট-বড় বহু গাছ কেটে ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কিছুদিন আগে একদল লোক সরকারি গাছগুলোতে নির্দিষ্ট মার্কিং চিহ্ন দিয়ে যায় এবং এর পরপরই শুরু হয় গাছ কাটার মহোৎসব। এ বিষয়ে শোলক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তরিকুল ইসলাম চাঁন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢীসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজনকে গাছ চুরির জন্য দায়ী করেন। তবে পরবর্তীতে দলীয় চাপের কারণে পোস্টটি ডিলিট করতে বাধ্য হন বলে তিনি স্বীকার করেন। তবে গাছ কাটার বিষয়টি সম্পূর্ণ সত্য বলে তিনি পুনরায় দাবি করেন।
অভিযুক্ত উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়ার পরও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উজিরপুর বন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ‘গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির অন্তর্ভুক্ত না হলেও সাবেক এক সংসদ সদস্য স্থানীয়দের সঙ্গে নিয়ে রোপণ করেছিলেন বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, ‘রাস্তাটি এলজিইডির হলেও গাছগুলো কার লাগানো তা নির্দিষ্ট করে জানা যায়নি। সরকারি সম্পত্তির গাছ চুরি হওয়ায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন