প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্যটকদের স্বাগত জানাতে সুন্দরবনের কালাবগী ইকো-ট্যুরিজম কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে বন বিভাগের কালাবগী স্টেশনের বন রক্ষীরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ফলে পর্যটকরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এবারের ঈদের পর মাত্র তিন দিন পর্যটকরা ঐ স্থানে ভ্রমণের সুযোগ পাবেন। এরপর ১ জুলাই থেকে আগামী ৩ মাস সুন্দরবনের সকল প্রবেশদ্বার বন্ধ থাকবে। সেখানে কেউ প্রবেশ করতে পারবেন না।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কালাবগী ইকো-ট্যুরিজম কেন্দ্র নতুনভাবে সাজানো হয়েছে। সেখানে পর্যটকদের মনোযোগ আকর্ষণ করছে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য ও অবকাঠামো। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কালাবগী। যারা ঐ ইকো-ট্যুরিজম কেন্দ্রটি পরিদর্শন করেছেন, তারা জানিয়েছেন যে এবার বনে যাওয়ার অভিজ্ঞতা একটু ভিন্ন রকম ছিল। কালাবগীতে হরিণের পাল নদীর চরে দেখা গেছে। পর্যটন কেন্দ্রটির অবকাঠামোগত উন্নয়নের ফলে বনে চলাচলও সহজ হয়েছে।
পর্যটক আমিরুল ইসলাম জানান, তিনি পূর্বে সুন্দরবন ঘুরতে এসেছিলেন। মোংলা থেকে রওনা হয়ে করমজল, হাড়বাড়িয়া, নীলকমল ও কটকা ইকো ট্যুরিজম কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘এবার কালাবগী গিয়ে একটু ভিন্ন রকমের আনন্দ উপভোগ করেছি। সেখানে বেশ অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। ইকোট্যুরিজম কেন্দ্রের অপর পাশে হরিণের পাল দেখতে পেয়েছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবনের আসল চেহারা উপভোগ করা সম্ভব হয়েছে। সুন্দরবনে নির্মাণাধীন কালাবগী ইকো ট্যুরিজম কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, পর্যটকদের জন্য সেখানে নৌযান থেকে ওঠানামার পন্টুন, ওয়াচ টাওয়ার, বসার জন্য গোলঘর তৈরি করা হয়েছে। বনের মধ্যে হাঁটার জন্য কংক্রিটের ফুট ট্রেইলও তৈরি হচ্ছে। সেখানে খাঁচায় রাখা হয়েছে হরিণ ও কুমির। কালাবগী ইকো ট্যুরিজম কেন্দ্রে প্রায় সর্বদা বন্য শূকর, বানর, গুইসাপ ও চিত্রল হরিণ দেখা যায়।
কালাবগী ইকো ট্যুরিজম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আঃ ছালাম বলেন, ‘এ বছর মৌসুম শুরু হওয়ার সাথে সাথে কালাবগী কেন্দ্রে প্রচুর পর্যটক আসতে শুরু করেছেন। আমরা স্টেশনের গাছগুলোতে স্থানীয় নাম ও বৈজ্ঞানিক নাম লিখে দিয়েছি। ফলে পর্যটকরা সহজে গাছের পরিচিতি জানতে পারছেন। বনের বিভিন্ন প্রাণীর নামের তালিকা ও বর্ণনা নানা স্থানে টানানো হয়েছে। যাতে পর্যটকরা কোনো বন্য প্রাণী দেখলে তার বাহ্যিক স্বভাব বুঝতে পারেন। ফলে তারা তাদের বিরক্ত করা থেকে বিরত থাকবেন। এছাড়া সুন্দরবনের শেখেরটেক এলাকায় ইকো ট্যুরিজম কেন্দ্রটিতে পর্যটকরা যেতে পারছেন। সেখানে ৪০০ বছরের পুরোনো একটি কালীমন্দির ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। শেখেরটেক ইকো ট্যুরিজম কেন্দ্রও কালাবগী ফরেস্ট স্টেশনের আওতাধীন। ওই স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আঃ ছালাম জানান, ‘শেখেরটেক ইকো ট্যুরিজম কেন্দ্রেও পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, পর্যটকদের নিরাপত্তায় বন বিভাগ সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে স্বল্প সময়ের মধ্যে কালাবগী ও শেখেরটেক ইকোট্যুরিজম কেন্দ্র দুটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে পরিদর্শনে গিয়ে সবাই ইতিবাচক মন্তব্য করছেন। সেখানে নতুন নতুন অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন