প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না দেওয়ায় সবুজ মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর দোকান ভাঙচুর করে ক্যাশবাক্স থেকে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের খাদ্যগুদামের বিপরীতে অবস্থিত ‘পিংকী সাইকেল স্টোরে’ এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহান কয়েকজন সহযোগীকে নিয়ে দোকানে গিয়ে ব্যবসায়ী সবুজ মিয়ার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর নাক কেটে গুরুতর জখম হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, এ সময় হামলাকারীরা দোকানে ভাঙচুর চালিয়ে ক্যাশবাক্সে থাকা ব্যবসার ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত সবুজ মিয়াকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জায়গায় নির্মিত একটি ঘর মাসিক আট হাজার টাকা ভাড়ায় সবুজ মিয়ার কাছে দিয়েছিলেন সোহান। ভাড়ার টাকা ও বিভিন্ন সময়ে অতিরিক্ত টাকা দাবি করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত ব্যবসায়ীর ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল সোহান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত নূর আহম্মদের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে আগে থেকেই ১৫টি মামলা রয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে সোহানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন