প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ অংশগ্রহণের জন্য সিলেট জেলায় ইতিমধ্যে ৪০ হাজার শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছে, এবং সিলেট মহানগর এলাকায় নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩,০০০। প্রতিযোগিতাটি ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস—এই ১০টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায় থেকে শুরু করে পর্যায়ক্রমে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে এই আয়োজন সম্প্রসারিত হবে।
বৃহস্পতিবার নগরভবনের সভাকক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের প্রস্তুতি সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
প্রশাসক আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে সারা দেশে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হবে। কর্মসূচির সফল বাস্তবায়নে সিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
নগরে খেলার মাঠের সংকট নিরসনের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশনার কথা তুলে ধরে আব্দুল কাইয়ুম জানান, প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের বিভিন্ন মহল্লার পরিত্যক্ত জায়গাগুলো চিহ্নিত করে মাঠে রূপান্তরের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন মাঠগুলো সংস্কারের পরিকল্পনাও রয়েছে।
সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে এবং সিসিক সচিব আশিক নূরের সঞ্চালনায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, পুলিশ এবং সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন