প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি নসিমনযোগে ৮০ বস্তা ডিএপি সার পাচারের উদ্দেশ্যে পরিবহনকালে বিসিআইসির এক ডিলারসহ দুজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে। এছাড়া, জব্দ সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা করার জন্য কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে আটক বিসিআইসি সার ডিলার এবং মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) কে এক মাসের কারাদণ্ড, সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, নসিমন চালক আব্দুল মতিন (৪৮) কে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ বলেন, ‘অসাধু উদ্দেশ্যে সার পাচার করার উদ্দেশ্যে পরিবহনকালে ডিলার শাহনেওয়াজকে একটি নসিমনবোঝাই ৮০ বস্তা সারসহ আটক করা হয়। এ সময় নসিমন চালক আব্দুল মতিনকেও আটক করা হয়। পরে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে শাহনেওয়াজকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং মতিনকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।’
তিনি আরো বলেন, ‘জব্দ সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা করার জন্য কৃষি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ অভিযানকালে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামানসহ সংশ্লিষ্টরা এবং সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন