প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় স্ত্রী জোবেদা বেগম (৬০)-কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুলতান সরদার (৬৫)-এর বিরুদ্ধে। এই হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার সময় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। পারিবারিক বিরোধের একপর্যায়ে সুলতান সরদার ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী জোবেদা বেগমের গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
ঘটনার সংবাদ জানার পর খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেফতার করতে সক্ষম হন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, "প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।"
পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে এবং হত্যার পেছনের প্রকৃত কারণ উদঘাটনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন