প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বলরামপুর হাই স্কুলে নির্ধারিত টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায় করতে যাওয়ার কারণে সাতজন মুসলিম শিক্ষককে ঘিরে ধরে হেনস্তা ও জবাবদিহি তলবের একটি ঘটনা ঘটেছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু জাগরণ মঞ্চ’-এর নেতাকর্মীদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও মব জাস্টিসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহল ও নেটিজেনরা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তার ওপর এটি একটি সরাসরি আঘাত হিসেবে দেখছেন।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বলরামপুর হাই স্কুলে পরীক্ষা চলছিল। বিদ্যালয়ের নির্ধারিত টিফিনের বিরতির সময় (দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট) ওই বিদ্যালয়ের সাতজন মুসলিম শিক্ষক প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। পূর্বপরিকল্পনা অনুযায়ী, হিন্দু জাগরণ মঞ্চের প্রান্ত সহ-সংযোজক মিঠুন সাহার নেতৃত্বে সংগঠনটির একদল উগ্রবাদী কর্মী ও কিছু স্থানীয় ব্যক্তি আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন। শিক্ষকরা নামাজ শেষে বিদ্যালয়ে ফিরে এলে তাঁদের ঘিরে ধরে কৈফিয়ত তলব করা হয় এবং চরমভাবে অপমান ও হেনস্তা করা হয়।
অভিযোগ অস্বীকার করে হেনস্তার শিকার শিক্ষক মকসেদুল হকসহ অন্যান্যরা জানান, তাঁরা বিদ্যালয়ের পঠনপাঠন বা পরীক্ষার কোনো ক্ষতি করেননি। নির্ধারিত টিফিনের বিরতিতেই তাঁরা নামাজ আদায় করতে গিয়েছিলেন। তাছাড়া পরীক্ষার প্রতিটি কক্ষে দুজন করে শিক্ষকের দায়িত্ব থাকায় এবং বিকল্প ব্যবস্থা রেখেই বিরতির সময়ে তাঁরা বাইরে যাওয়ায় পরীক্ষার শৃঙ্খলায় কোনো ব্যাঘাত ঘটেনি।
এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ মুসলিম শিক্ষক বিক্ষোভকারীদের সামনে নত মস্তকে দাঁড়িয়ে আছেন। ছবিটি দেখে নেটিজেনরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে নেটিজেনরা লিখেছেন, এটি একটি হৃদয়বিদারক দৃশ্য, যা বর্তমান পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের অসহায়ত্ব ও বিপন্ন অবস্থার চিত্র ফুটিয়ে তুলেছে। ভারতে সরকারি ছুটি রবিবার হওয়ায় মুসলিম চাকরিজীবীদের জন্য শুক্রবার জুমার নামাজ আদায় করা একটি ধর্মীয় বাধ্যবাধকতা। টিফিনের বিরতিতে নামাজ পড়ার মতো ন্যূনতম ধর্মীয় স্বাধীনতাও এখন কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে।
নেটিজেনরা আরও উল্লেখ করেন, আজ টিফিনের বিরতিতে জুমার নামাজ নিয়ে আপত্তি তোলা হচ্ছে, কাল হয়তো যেকোনো নামাজ পড়া নিয়েই আপত্তি তোলা হবে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিম শিক্ষক ও সরকারি চাকরিজীবীরা যে চরম নিরাপত্তাহীনতা ও বৈষম্যের শিকার হচ্ছেন, এই ঘটনাই তার বড় প্রমাণ। অথচ পার্শ্ববর্তী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সম্পূর্ণ স্বাধীনভাবে ও রাষ্ট্রীয় নিরাপত্তায় তাদের সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।
ঘটনার পর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ওই শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের (এসআই) বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে জানানোর কথা বলেছে। তবে সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীদের মতে, নির্ধারিত বিরতির সময়ে ধর্মীয় আচার পালন করার কারণে শিক্ষকদের এভাবে প্রকাশ্যে হেনস্তা করা আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের উচিত বহিরাগত উগ্রবাদী গোষ্ঠীর চাপের মুখে নতি স্বীকার না করে হেনস্তার শিকার শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন