প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের অটোমোবাইল শিল্পে পরিবর্তনের হাওয়া অনুভূত হচ্ছে। গ্রাহকদের চাহিদার পরিবর্তন, জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয়ভাবে গাড়ি উৎপাদনের সম্ভাবনা এই শিল্পের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলছে। এই পরিস্থিতিতে, বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে স্থানীয় উৎপাদন, নতুন প্রযুক্তি ও বিক্রয়-পরবর্তী সেবায় গুরুত্ব দিচ্ছে মিতসুবিশি মোটরস। বিশেষ করে জনপ্রিয় মডেল এক্সপ্যান্ডারের সাফল্য এবং সম্প্রতি বাজারে আসা এক্সপ্যান্ডার এলপিজি নিয়ে প্রতিষ্ঠানটির প্রত্যাশা তৈরি হয়েছে। বাংলাদেশের অটোমোবাইল বাজারের সম্ভাবনা, স্থানীয় উৎপাদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মিতসুবিশি মোটরস বাংলাদেশের একজন প্রতিনিধি।
প্রশ্ন ছিলো, বাংলাদেশের অটোমোবাইল বাজারে বর্তমানে কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে? এসব পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে মিতসুবিশি কীভাবে প্রস্তুতি নিচ্ছে? উত্তরে তিনি বলেন, বাংলাদেশের অটোমোবাইল শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গ্রাহকদের ক্রয়ক্ষমতা, জীবনযাত্রা এবং গাড়ি ব্যবহারের ধরনে পরিবর্তন আসছে। একই সঙ্গে জ্বালানি দক্ষতা, আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা ও পরিবেশবান্ধব পরিবহনের প্রতি আগ্রহ বাড়ছে। পাশাপাশি স্থানীয়ভাবে গাড়ি উৎপাদনের সম্ভাবনাও এ শিল্পের সামনে নতুন সুযোগ তৈরি করছে।
তার মতে, বাংলাদেশের অটোমোবাইল বাজারের ভবিষ্যৎ শুধু গাড়ি বিক্রির ওপর নির্ভর করবে না। স্থানীয় উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর, বিক্রয়-পরবর্তী সেবার উন্নয়ন এবং সামগ্রিক গ্রাহক অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মিতসুবিশি তার বৈশ্বিক প্রযুক্তিগত অভিজ্ঞতা ও স্থানীয় সক্ষমতার সমন্বয় ঘটাচ্ছে। র্যানকন-এর সঙ্গে দীর্ঘদিনের বাজার অভিজ্ঞতা এবং র্যানকন অটোমোটিভ ইন্ডাস্ট্রিস লিমিটেড (রেইল)-এর মাধ্যমে স্থানীয় উৎপাদন সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ এ পরিকল্পনার অংশ। বাংলাদেশের গ্রাহকদের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের প্রযুক্তি, নির্ভরযোগ্যতা ও ব্যবহারিক সুবিধার সমন্বয়ে গাড়ি সরবরাহ করাই তাদের লক্ষ্য।
গাড়ির ক্রয়মূল্যের পাশাপাশি পরিচালন ব্যয়ও এখন গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জ্বালানি সাশ্রয়ী গাড়ির বাজারে বাংলাদেশে কী ধরনের সম্ভাবনা দেখছে মিতসুবিশি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকেরা এখন শুধু ক্রয়মূল্য বিবেচনা করছেন না; দীর্ঘমেয়াদে গাড়িটি পরিচালনা করতে কত খরচ হবে, সেটিও সমান গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ফুয়েল এফিশিয়েন্সি ক্রয় সিদ্ধান্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
তিনি জানান, গ্রাহকেরা এমন গাড়ি খুঁজছেন, যা পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি দৈনন্দিন যাতায়াতেও সাশ্রয়ী হবে। একই সঙ্গে নিরাপত্তা, আরাম, পারফরম্যান্স ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলোও তাদের বিবেচনায় থাকছে।
বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী গাড়ির বাজারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। তবে শুধু কম জ্বালানি খরচ নয়, নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদি ব্যবহারের নিশ্চয়তাও গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো বিবেচনায় রেখেই মিতসুবিশি এক্সপ্যান্ডার এলপিজি বাজারে এনেছে। এর মাধ্যমে একটি পারিবারিক গাড়ির ব্যবহারিক সুবিধার পাশাপাশি পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশের বাজারে মিতসুবিশির জনপ্রিয় মডেল এক্সপ্যান্ডারের সাফল্যের পেছনে কী কারণ রয়েছে? এ সাফল্য থেকে গ্রাহকদের চাহিদা সম্পর্কে কী ধারণা পাওয়া যায়? প্রশ্ন করা হলে, এ প্রসঙ্গে তিনি বলেন, এক্সপ্যান্ডারের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো বাংলাদেশের পরিবারের বাস্তব চাহিদার সঙ্গে গাড়িটির সামঞ্জস্য। সাত আসনের সুবিধা, প্রশস্ত কেবিন, আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা, ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং মিতসুবিশির পরিচিত নির্ভরযোগ্যতা সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ পারিবারিক গাড়ি হিসেবে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
শুরু থেকেই এক্সপ্যান্ডারকে শুধু একটি গাড়ি হিসেবে নয়, বরং পরিবারের দৈনন্দিন যাতায়াত, দীর্ঘ ভ্রমণ এবং বিভিন্ন প্রয়োজনে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি 'মেড ইন বাংলাদেশ' পরিচয়টিও গ্রাহকদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।
তিনি বলেন, এক্সপ্যান্ডারের সাফল্য থেকে বোঝা যায়, বাংলাদেশের গ্রাহকেরা এখন গাড়ি কেনার ক্ষেত্রে শুধু ব্র্যান্ড বা ডিজাইনকে গুরুত্ব দেন না। স্পেস, ব্যবহারিক সুবিধা, জ্বালানি দক্ষতা, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতাও তাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই হাজারের বেশি বুকিংয়ের মাইলফলক অর্জন গ্রাহকদের এই আস্থারই প্রতিফলন।
প্রশ্ন ছিলো, এক্সপ্যান্ডার এলপিজি বাজারে আনার পেছনে মিতসুবিশির মূল উদ্দেশ্য কী? বাংলাদেশের সাশ্রয়ী ও টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ? উত্তরে তিনি বলেন, এক্সপ্যান্ডার এলপিজি বাজারে আনার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের জন্য গাড়ির দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় কমানোর একটি নির্ভরযোগ্য বিকল্প তৈরি করা। একটি গাড়ি কেনার পর সেটি ব্যবহারের খরচ যেন গ্রাহকের জন্য বাড়তি আর্থিক চাপ হয়ে না দাঁড়ায়, সেটিও অটোমোবাইল নির্মাতা হিসেবে তাদের বিবেচনায় রাখা প্রয়োজন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, এক্সপ্যান্ডার এলপিজিতে প্রতি কিলোমিটারে জ্বালানি ব্যয় প্রায় ৭ টাকা ৫০ পয়সা, যা প্রচলিত পেট্রল বা অকটেন ব্যবহারের তুলনায় প্রায় ৪০ শতাংশ সাশ্রয়ী।
তিনি আরও বলেন, এটি শুধু নতুন একটি ভ্যারিয়েন্ট বাজারে আনার উদ্যোগ নয়; বরং গ্রাহকদের অর্থনৈতিক চাহিদার সঙ্গে প্রযুক্তিগত সমাধানের সমন্বয়। ভবিষ্যতে বাংলাদেশের বাজারের প্রয়োজন, জ্বালানি পরিস্থিতি এবং প্রযুক্তিগত সম্ভাবনা বিবেচনায় নিয়ে আরও কার্যকর ও টেকসই পরিবহন সমাধান নিয়ে কাজ করতে চায় মিতসুবিশি।
কারখানায় সংযোজিত এলপিজি প্রযুক্তি প্রচলিত পেট্রলচালিত গাড়ি কিংবা পরে বাইরে থেকে এলপিজি কিট সংযোজন করা গাড়ির তুলনায় কী ধরনের সুবিধা দেয়? এমন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, এলপিজি প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ির মূল ব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তির সঠিক সমন্বয়। বাইরে থেকে এলপিজি কিট সংযোজনের ক্ষেত্রে গাড়ির ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, যন্ত্রাংশের মান এবং ইনস্টলেশনের দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করে।
অন্যদিকে, এক্সপ্যান্ডার এলপিজি কারখানায় সংযোজিত ও সমন্বিত প্রযুক্তির সমাধান। গাড়ির মূল ইঞ্জিন ও ফুয়েল ম্যানেজমেন্ট ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজি সিস্টেমটি তৈরি ও ক্যালিব্রেট করা হয়েছে। ফলে পারফরম্যান্স, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার ক্ষেত্রে সমন্বিত ব্যবস্থা পাওয়া যায়।
তিনি জানান, গাড়িটির এলপিজি ট্যাংক বাইরে স্থাপন করা হয়েছে। যাতে কেবিনের ভেতরের কোনো জায়গা নষ্ট না হয়। পাশাপাশি গাড়িটিতে এলপিজি ও অকটেন দুই ধরনের জ্বালানি ব্যবহারের সুবিধা রয়েছে। ফলে এলপিজি রিফুয়েলিংয়ের সুবিধা না থাকলেও গ্রাহক অকটেন ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।
প্রশ্ন ছিলো, এলপিজি প্রযুক্তি গাড়ির কর্মক্ষমতা ও স্থায়িত্বে কী ধরনের প্রভাব ফেলে? এ প্রযুক্তি নিয়ে গ্রাহকদের দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা ও রিফুয়েলিং সুবিধাসংক্রান্ত উদ্বেগ দূর করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? জবাবে তিনি বলেন, এলপিজি প্রযুক্তির ক্ষেত্রে সঠিক ইঞ্জিন ক্যালিব্রেশন, উন্নতমানের যন্ত্রাংশ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সপ্যান্ডার এলপিজিতে কারখানায় সংযোজিত প্রযুক্তি ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন ও এলপিজি সিস্টেমের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করা হয়েছে।
তাদের লক্ষ্য হচ্ছে, গ্রাহকেরা যেন স্বাভাবিক ড্রাইভিং অভিজ্ঞতা বজায় রেখেই জ্বালানি ব্যয়ে সাশ্রয় পান। একই সঙ্গে এলপিজি ও অকটেনের মধ্যে পরিবর্তন করার সুবিধা থাকায় পরিস্থিতি অনুযায়ী জ্বালানি ব্যবহারের সুযোগও রয়েছে।
রক্ষণাবেক্ষণের বিষয়ে তিনি বলেন, গ্রাহকদের নিয়মিত সার্ভিসিং এবং অনুমোদিত সার্ভিস সেন্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। র্যানকন-এর সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্বৈত জ্বালানি ব্যবহারের সুবিধা এলপিজি রিফুয়েলিংয়ের সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।
স্থানীয়ভাবে গাড়ি উৎপাদন মিতসুবিশির প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে কতটা ভূমিকা রাখছে? এর মাধ্যমে উন্নত প্রযুক্তির গাড়ি আরও বেশি গ্রাহকের নাগালে আনা সম্ভব কি? জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশে স্থানীয়ভাবে গাড়ি উৎপাদন অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি শুধু গাড়ির সরবরাহ বা মূল্য প্রতিযোগিতার বিষয় নয়; বরং দেশের শিল্পায়ন, দক্ষ জনশক্তি তৈরি, প্রযুক্তি স্থানান্তর এবং একটি শক্তিশালী স্থানীয় অটোমোটিভ ইকোসিস্টেম গড়ে তোলার সুযোগ তৈরি করছে।
মিতসুবিশির ক্ষেত্রে র্যানকন অটোমোটিভ ইন্ডাস্ট্রিস লিমিটেড-এর মাধ্যমে স্থানীয় উৎপাদন কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জাপানি প্রযুক্তি, উৎপাদন প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশে গাড়ি উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা হচ্ছে।
তার মতে, স্থানীয় উৎপাদনের ফলে আমদানি নির্ভরতা কমানো, সরবরাহ ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি এবং বাজারের প্রয়োজন অনুযায়ী উৎপাদন পরিকল্পনার সুযোগ তৈরি হয়। দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয় ও বাজারমূল্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতেও এটি ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ের পাশাপাশি আন্তর্জাতিক মান ও গ্রাহকের আস্থা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ শুধু গাড়ির বাজার হিসেবে নয়, ভবিষ্যতে একটি সম্ভাবনাময় অটোমোবাইল উৎপাদন কেন্দ্র হিসেবেও পরিচিত হোক এটাই তাদের প্রত্যাশা।
বিক্রয়-পরবর্তী সেবা, ওয়ারেন্টি, খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা ও রক্ষণাবেক্ষণ ব্যয় গ্রাহকদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘমেয়াদে গ্রাহকের আস্থা ধরে রাখতে মিতসুবিশির উদ্যোগ কী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি ব্র্যান্ডের সঙ্গে গ্রাহকের সম্পর্ক গাড়ি কেনার মধ্য দিয়ে শেষ হয় না; বরং গাড়ি কেনার পরবর্তী অভিজ্ঞতাই সেই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। মিতসুবিশি বাংলাদেশে বিক্রয়-পরবর্তী সেবা, প্রশিক্ষিত টেকনিশিয়ান, জেনুইন স্পেয়ার পার্টসের প্রাপ্যতা এবং নিয়মিত সার্ভিসিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। র্যানগস ওয়ার্কসপ-এর দেশব্যাপী সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি জানান, এক্সপ্যান্ডারের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন বাড়তি সুবিধা তৈরি করেছে। পাশাপাশি পাঁচ বছরের ওয়ারেন্টি সুবিধার মাধ্যমে গ্রাহকদের দীর্ঘমেয়াদি আস্থা অর্জনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখা, প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য করা এবং গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখাও তাদের অগ্রাধিকারের অংশ।
তার মতে, গ্রাহকের সন্তুষ্টি শুধু বিক্রয়-পরবর্তী সেবার একটি সূচক নয়; বরং দীর্ঘমেয়াদে ব্র্যান্ডের সুনাম ও বিশ্বস্ততা তৈরির অন্যতম ভিত্তি।
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বাজারে মিতসুবিশির পরিকল্পনা কী? স্থানীয় উৎপাদন, নতুন মডেল ও বিকল্প জ্বালানিপ্রযুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ভাবনা কী? মিতসুবিশির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আগামী পাঁচ বছর বাংলাদেশের অটোমোবাইল শিল্পের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। মিতসুবিশির অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য আরও বৈচিত্র্যময় পণ্য ও সেবা নিশ্চিত করা।
রেইল-এর মাধ্যমে স্থানীয় উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে মিতসুবিশির বৈশ্বিক পোর্টফোলিও থেকে বাংলাদেশের বাজারের উপযোগী নতুন মডেল ও প্রযুক্তি নিয়ে আসার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।
বিকল্প জ্বালানি প্রযুক্তির ক্ষেত্রে বাজারের বাস্তবতা ও গ্রাহকদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে। এক্সপ্যান্ডার এলপিজি এ যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ডিলারশিপ, বিক্রয়-পরবর্তী সেবা এবং গ্রাহক অভিজ্ঞতার পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, মিতসুবিশির লক্ষ্য শুধু বাংলাদেশের বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানো নয়; বরং দেশের অটোমোবাইল শিল্পের বিকাশে একটি দীর্ঘমেয়াদি ও দায়িত্বশীল অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন