প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরটি কোনো ধরনের আড়ম্বর অনুষ্ঠান বা ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে নয়, বরং এটি মানুষের কল্যাণে কাজ করার এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৫ জন ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে ১৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী অন্তর্ভুক্ত আছেন। নিরাপত্তা, মিডিয়া এবং ব্যক্তিগত দায়িত্ব পালনে নিয়োজিত অত্যাবশ্যকীয় ব্যক্তিরাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে, মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন। এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন্য ঢাকা ত্যাগ করেন।
মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য এক দিন এবং ফিরতে এক দিন লাগবে। এর মধ্যে মাত্র চার দিন রয়েছে। এই চার দিনকে কোনো মুহূর্তও নষ্ট না করে, একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থে কূটনৈতিক কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে, এটি একটি ছয় দিনের সফর।
ফেসবুক পোস্টে মাহদী আমিন আরো উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর, তাদের সন্তান এবং জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কথা বলবেন। তিনি দেশের স্বার্থ, সরকারের নীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও কথা বলবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আরো একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, ঠিক সেই সময়ে জাতিসংঘ অধিবেশনের সভাপতির আসনে তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উল্লেখ করেন, দীর্ঘ দুই দশকের অনিঃশেষ ত্যাগ-সংগ্রাম ও আন্দোলন-গণঅভ্যুত্থান পেরিয়ে, গণতান্ত্রিক সরকার আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। বিশাল ম্যান্ডেট নিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কণ্ঠ নিয়ে বিশ্ব দরবারে যাচ্ছেন।
মাহদী আমিন বলেন, এটি কেবল জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব নয়। এটি জনগণের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক প্রতিনিধিত্ব। এটি আবেগ, অনভূতি ও আদর্শের ঐতিহ্য। এটি বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন