প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এক রাতের মধ্যে ৫১৯ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। আট দফার অভিযানের ফলে মোট আটকের সংখ্যা ৩ হাজার ৪৭০ জনে পৌঁছেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে সর্বশেষ এই অভিযান পরিচালিত হয়েছে। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানার এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়েছে। এ অভিযানে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশের সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশগ্রহণ করেন।
পুলিশ জানায়, সর্বশেষ অভিযানে আটক হওয়া ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাইয়ের পর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নিরপরাধ ব্যক্তিদের হয়রানির শিকার না হওয়ার বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন