প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বাসিন্দাদের দ্বারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ভুবনঘর গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা পূর্বের স্থানে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশের পর বক্তারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, দীর্ঘকাল ধরে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র হিসেবে ভোটগ্রহণ হয়ে আসছে। এই কেন্দ্রে এলাকার প্রায় চার থেকে পাঁচ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। অতীতে বিভিন্ন নির্বাচনে কেন্দ্রটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয়দের অভিযোগ, আসন্ন নির্বাচনে পুরোনো ভোটকেন্দ্রটি পরিবর্তন করে ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকার ভোটারদের ভোগান্তি বাড়বে বলে তারা মনে করছেন। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ এবং অপেক্ষাকৃত দূরবর্তী এলাকার ভোটারদের নতুন কেন্দ্রে যাতায়াতে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের ভবনে পর্যাপ্ত কক্ষ রয়েছে। এর পাশাপাশি রয়েছে বড় মাঠ ও পর্যাপ্ত খোলা জায়গা। ফলে ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়ানো, ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় পরিবেশ রয়েছে। অন্যদিকে, ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা তুলনামূলকভাবে সীমিত।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আমড়াতলী ইউনিয়নের মোতালেব, ফিরোজ, কামাল হোসেন মেম্বার, মো. আবুল হোসেন, হাজী সফিক মেম্বার, মিনু বেগম, মর্জিনা আক্তার, মো. ইয়াছিন, মো. দুলাল মিয়া, জলিল মিয়া, বাবুল মিয়া, আলম মিয়া, হানিফ হোসেন, আক্তার, মাহবুব মিয়া ও মানিক মিয়াসহ স্থানীয়রা।
কর্মসূচির শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে ভোটারদের নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়কে পুনরায় ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণের দাবি জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন