প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ধানমণ্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলার প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যানের চারপাশে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে এই দৃশ্য দেখা যায়।
সাঈদ খোকনকে আদালতে হাজির করার প্রেক্ষিতে কয়েকটি মবের ঘটনা সংঘটিত হয়। আইনজীবী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন মবের শিকার হন। এর মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগকে মারধর করা হয়। এছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হাতে অন্তত চারজন মবের শিকার হন।
সাঈদ খোকনকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় ছবি তুলতে ও ভিডিও করতে যান দৈনিক ‘আগামীর সময়’-এর প্রতিবেদক মাসুদ রানা। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে হেনস্তা করেন এবং বলেন, “ফ্যাসিস্টের সহযোগী, আওয়ামী লীগের দালালি করতে এসেছে।”
ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিএনপিপন্থী আইনজীবীদেরও স্লোগান দিতে দেখা যায়।
আজ সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। আদালতে হাজির করার খবর পেয়ে দুপুর থেকেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আদালতপাড়ায় জড়ো হতে থাকেন। তাদের হাতে ঝাড়ু দেখা যায় এবং তারা স্লোগান দিতে থাকেন, যেমন ‘লীগ ধর, জবাই কর’; ‘লীগ ধর, জেলে ভর’; ‘রশি লাগলে রশি নিয়ে, হাসিনাকে ফাঁসি দে’। তাদের নেতৃত্ব দেন কোতোয়ালি থানা ছাত্রদলের নেতা দ্বীন ইসলাম।
বিকেল সাড়ে ৫টার দিকে সাঈদ খোকনকে বহনকারী গাড়িটি আদালত চত্বরে প্রবেশ করে। এ সময় গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়। পরে দ্রুততার সঙ্গে গাড়িটি সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করে।
প্রায় ২৫ মিনিট পর সাঈদ খোকনকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে সিএমএম আদালতের হাজতখানা থেকে ঢাকার সিজেএম আদালতের বারান্দায় আনা হয়। এ সময় প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা ৬টার দিকে তাকে এজলাসে তোলা হয়। মিনিট ছয়েক পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজলাসে উপস্থিত হন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অবৈধ এমপি। তাকে যেন চেনা না যায়, এ জন্য চুল-দাড়ি বড় করে রেখেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দুদক, মানিলন্ডারিং, হত্যাসহ ৩০টির অধিক মামলা রয়েছে। ঢাকা দক্ষিণের বিভিন্ন নাশকতা, মিছিল, মিটিংয়ে তিনি নেতৃত্বে ছিলেন।”
তিনি আরও বলেন, “এ আসামি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। মামলার তদন্ত করতে গিয়ে তাকে খুঁজে পায়। ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।”
সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। তিনি বলেন, “এ আসামি একজন নির্বাচিত সাবেক মেয়র। ঘটনার ২২ দিন পর মামলা। এখানে মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। রিমান্ড আবেদনটা দেখবেন, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না? যৌক্তিকতা নেই। জামিন চাই না, তাকে কাস্টডিতে নিয়ে যান। রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি।”
মামলার যৌক্তিকতা নিয়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিউত্তরে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, “তখন মামলা করার পরিস্থিতি ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পুলিশরা থানা থেকে চলে গিয়েছিল।”
এ সময় সাঈদ খোকন কথা বলার জন্য হাত তোলেন। তিনি বলতে থাকেন, “মাই লর্ড, কথা বলতে চাই।” তবে কথা বলার অনুমতি মেলেনি তার। পরে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন