প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার সংগীত জগতের কিংবদন্তি মলি মেলড্রাম আর আমাদের মাঝে নেই। দীর্ঘ অসুস্থতার পর ৮৩ বছর বয়সে তিনি মারা যান। সোমবার (২৩ নভেম্বর) ভোরে মেলবোর্নের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৪৩ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেন মলি মেলড্রাম, যার প্রকৃত নাম ইয়ান আলেকজান্ডার মেলড্রাম। তিনি কয়েক দশক ধরে অস্ট্রেলিয়ার সংগীতের রুচি ও জনপ্রিয় ধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছেন। স্থানীয় সংগীতশিল্পী ইনএক্সএস ও কাইলি মিনোগের পাশাপাশি আন্তর্জাতিক সংগীতদল আব্বার গানও তিনি পরিচিত করেছেন।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) সংগীত বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘কাউন্টডাউন’ উপস্থাপনার মাধ্যমে মলি ব্যাপক পরিচিতি অর্জন করেন। পরে ‘হে হে, ইটস স্যাটারডে’ অনুষ্ঠানে তার একটি বিভাগও ছিল। অগোছালো ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য এবং মাথায় স্টেটসন টুপি পরার কারণে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
সংগীত জগতের অনেক তারকার সাক্ষাৎকার নিয়েছেন মলি। তাদের মধ্যে এলটন জন থেকে শুরু করে বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও ছিলেন। ১৯৭৭ সালে তৎকালীন প্রিন্স চার্লসের সাক্ষাৎকার নিতে গিয়ে তিনি বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন। কথায় জড়তা ও অস্বস্তির সেই মুহূর্তটি পরবর্তীতে বেশ আলোচিত হয়। এলটন জন মলিকে অস্ট্রেলিয়ার পপসংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে অভিহিত করেছিলেন।
২০১১ সালে মই থেকে পড়ে মস্তিষ্কে আঘাত পান মলি। এরপর থেকে তিনি অর্জিত মস্তিষ্কের আঘাতজনিত জটিলতার সঙ্গে জীবন কাটাচ্ছিলেন।
২০১৪ সালে অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (এআরআইএ) হল অব ফেমে অন্তর্ভুক্ত হন মলি। তিনি রেকর্ডিং শিল্পী না হয়েও প্রথম এই স্বীকৃতি লাভ করেন।
মলির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক। তিনি বলেন, "মলির অসাধারণ সংগীতপ্রেম ও শিল্পীদের প্রতি উৎসাহ নিয়ে বড় হওয়া বহু প্রজন্ম তাকে মনে রাখবে।" তিনি আরও উল্লেখ করেন, মলি ছিলেন অস্ট্রেলীয় প্রতিভাদের প্রকৃত সমর্থক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন