প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি কমে যাওয়ার ফলে তীব্র নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। নদীর বুকে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। কিছু স্থানে হাঁটুপানি, কিছু স্থানে কোমরসমান পানি, আবার কোথাও একসময়ের ব্যস্ত নৌপথ শুকিয়ে গেছে। নৌকা ডুবোচরে আটকে যাচ্ছে, ফলে মাঝিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চরাঞ্চলের কৃষকদের কৃষিপণ্য পরিবহনে বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর ফলে নৌকার মাঝিরা জীবিকা হারানোর আশঙ্কায় রয়েছেন, অন্যদিকে কৃষকেরা উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, যমুনা নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে একের পর এক ডুবোচর জেগে উঠছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার খেয়াঘাট ও নৌরুটে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কিছু খেয়াঘাটে নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। একসময় যে পথ দিয়ে সহজেই নৌকায় পারাপার হতেন চরাঞ্চলের মানুষ, এখন সেই পথ পাড়ি দিতে হচ্ছে পায়ে হেঁটে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও নিয়মিত নদী পারাপার হওয়া যাত্রীরা।
গত কয়েক বছর ধরে সারিয়াকান্দি এলাকায় যমুনা নদীতে বড় ধরনের বন্যা না হওয়ায় নদীর পানি দ্রুত কমে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। ২০২৫ সালে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করেনি। চলতি বছরও পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর পর দ্রুত নেমে যায়। ফলে নদীর বিভিন্ন স্থানে পলি জমে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। এর প্রভাব পড়েছে উপজেলার নৌ যোগাযোগ ব্যবস্থায়।
সরেজমিনে দেখা যায়, নদীর বিভিন্ন অংশে পানির গভীরতা কমে যাওয়ায় নৌকা চলাচল করতে পারছে না। মাঝনদীতে ডুবোচরে আটকে যাচ্ছে যাত্রী ও মালামালবাহী নৌকা। অনেক সময় মাঝিদের নৌকা থেকে নেমে পানির মধ্যে দিয়ে ঠেলে নৌকা পার করতে হচ্ছে। এতে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি শারীরিক পরিশ্রমও বেড়েছে কয়েকগুণ। কখনো কখনো যাত্রীদেরও নৌকা থেকে নেমে হেঁটে পার হতে হচ্ছে।
নাব্যতা সংকটে উপজেলার পারতিত পরল আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া খেয়াঘাট, নিজবলাইল নয়াপাড়া খেয়াঘাট, চারালকান্দি খেয়াঘাটসহ বেশ কয়েকটি খেয়াঘাটের অবস্থা নাজুক। কোথাও নৌপথের দৈর্ঘ্য কমে এসেছে, আবার কোথাও পানি না থাকায় নৌকা চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চলের কৃষকদের। নদীপথে সহজে কৃষিপণ্য পরিবহনের সুযোগ না থাকায় উৎপাদিত ফসল ঘোড়ার গাড়িতে কিংবা কাঁধে বহন করে বাজারে নিতে হচ্ছে। এতে পরিবহন খরচ কয়েকগুণ বেড়ে যাচ্ছে। ফসল উৎপাদনে সার, বীজ, শ্রমিক ও সেচ খরচের পাশাপাশি পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে তাদের। অনেক কৃষকের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ফসল বিক্রি করে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে যাবে।
সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের আলতাফ আলী খেয়াঘাটের মাঝি বলেন, ‘আগে আমার নৌরুটের দৈর্ঘ্য ছিল প্রায় দুই কিলোমিটার। এখন যমুনার পানি শুকিয়ে যাওয়ায় সেই পথ কমে মাত্র ৫০ মিটারে দাঁড়িয়েছে। সেখানে আবার কোমর পানির নিচ দিয়ে সামান্য একটি স্রোতধারা রয়েছে। কয়েক দিনের মধ্যে সেটিও শুকিয়ে যেতে পারে। তখন খেয়াঘাট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানুষ এখন নৌকায় পারাপারের পরিবর্তে হেঁটেই চলাচল করছে। খেয়াঘাট ইজারা নিয়ে আমি এখন আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছি।’
কাজলা কুড়িপাড়া গ্রামের কৃষক সুজন মিয়া জানান, ‘নদীতে পানি না থাকায় আমাদের কষ্টের শেষ নেই। জমিতে ফসল ফলানোর পর সেই ফসল বাড়ি থেকে বাজারে নিতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। ঘোড়ার গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে ফসল পরিবহন করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। অথচ নদীতে পানি থাকলে নৌকায় অল্প খরচেই ফসল বাজারে নিতে পারতাম। এখন ফসল ফলিয়েও আমরা লাভবান হতে পারছি না।’
সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটের কালিতলা নৌঘাটের মাঝি ওবাইদুল বলেন, ‘নদীতে পানি কম থাকায় নৌকা বারবার ডুবোচরে আটকে যাচ্ছে। নৌকা ছাড়াতে আমাদের পানিতে নেমে ঘাড় লাগিয়ে ঠেলে সরাতে হচ্ছে। এতে অনেক কষ্ট হয়। যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত ড্রেজিং করে নৌরুটটি সচল করা হোক।’
এদিকে সারিয়াকান্দির গুরুত্বপূর্ণ সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুট সচল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ডুবোচর কেটে নৌযান চলাচলের উপযোগী করতে এস্কেভেটর মেশিন দিয়ে কাজ করা হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে সারিয়াকান্দির প্রধান নৌরুট সচল রাখতে ইতিমধ্যে এস্কেভেটর মেশিন দিয়ে ডুবোচর কেটে দেওয়া হচ্ছে। এতে নৌকা চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি। সারিয়াকান্দিকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। নৌবন্দরের কাজ শুরু হলে নৌরুটগুলো সচল রাখতে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিং করা হবে। তখন নাব্যতা সংকটের এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।’
তবে স্থানীয়দের দাবি, শুধু প্রধান নৌরুট নয়, উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট ও চরাঞ্চলের নৌপথ সচল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। নিয়মিত ড্রেজিংয়ের পাশাপাশি নদীর নাব্যতা রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে প্রতি বছরই এমন দুর্ভোগের মুখে পড়তে হবে তাদের।
যমুনার বুকে জেগে ওঠা ডুবোচর এখন শুধু নৌকা চলাচলের বাধা নয়, বরং চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। তাই নদীর নাব্যতা ফিরিয়ে এনে নৌপথ সচল করার পাশাপাশি কৃষক ও মাঝিদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয় বাসিন্দারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন