প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ৭৪ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসী হুমকি নির্মূল ও খাওয়ারিজের নেটওয়ার্ক ধ্বংস করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিক গোয়েন্দা অভিযান পরিচালনা করছে।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার মির আলি এলাকায় ৩৫ জন এবং ওরাকজাই জেলায় আটজন নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তীব্র সংঘর্ষ সংঘটিত হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ৩ নভেম্বর থেকে বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় পরিচালিত অভিযানে আরো ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে সশস্ত্র গোষ্ঠীর একাধিক আস্তানায় অভিযান চালানো হয় এবং অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
আইএসপিআর জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে। দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৪৯টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩১। এসব হামলায় ২৫ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
সূত্র: ডন
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন