প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক সময় হৃত্বিক রোশনের বাবার জন্য ঘরভাড়া দেওয়া সম্ভব ছিল না। সেই অর্থনৈতিক সমস্যার দিনগুলো পেরিয়ে বর্তমানে তিনি ভারতের ধনী অভিনেতাদের মধ্যে চতুর্থ স্থানে অবস্থান করছেন। Hurun India Rich List 2026 অনুযায়ী, হৃত্বিকের মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকা। তার সম্পদের হিসাবের মধ্যে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বিভিন্ন উদ্যোগ ও HRX ব্র্যান্ডের আয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
১৯৯৭ সালে ‘কয়লা’ সিনেমার পর হৃত্বিকের পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। সিনেমাটি পরিচালনা করেছিলেন তার বাবা রাকেশ রোশন। পুরনো একটি সাক্ষাৎকারে হৃত্বিক জানিয়েছেন, সিনেমাটির পর তার বাবা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেই সময় তিনি বাবাকে কাঁদতে দেখেছিলেন।
২০০৬ সালে সিমি গারেওয়ালের অনুষ্ঠানে হৃত্বিক তার শৈশবের সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন। তিনি বলেছিলেন, এক পর্যায়ে পরিবারের জন্য বাড়িভাড়া দেওয়ার মতো অর্থও ছিল না। পরিস্থিতির কারণে তার মা পিঙ্কি রোশন হৃত্বিক ও তার বোনকে নানাবাড়িতে নিয়ে যান। রাকেশ তখন তার মায়ের সঙ্গে থাকতেন।
পরবর্তীতে পরিবার একটি নতুন বাড়িতে ওঠে। হৃত্বিকের মতে, শুরুতে সেখানে প্রয়োজনীয় আসবাবপত্রও ছিল না। দেয়াল ও মেঝে ছাড়া বাড়িতে তেমন কিছুই ছিল না। পরিবারের সদস্যরা মেঝের চাটাইয়ে ঘুমাতেন। সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র যোগ করা হয়।
এরপর রাকেশ তার ছেলেকে নায়ক হিসেবে বলিউডে আনার সিদ্ধান্ত নেন। ২০০০ সালে মুক্তি পায় হৃত্বিকের প্রথম সিনেমা ‘কাহো না... পেয়ার হ্যায়’। এতে তার বিপরীতে অভিনয় করেন আমিশা প্যাটেল। সিনেমাটি বড় সাফল্য পেলে রাতারাতি হৃত্বিকের পরিচিতি বৃদ্ধি পায়।
ছেলের অভিষেকের জন্য রাকেশও বড় ঝুঁকি গ্রহণ করেছিলেন। নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার কারণে সিনেমাটি শেষ করতে তিনি বাড়ি ও গাড়ি বন্ধক রেখেছিলেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। সিনেমাটি সফল না হলে তাকে আরো বড় আর্থিক সংকটের সম্মুখীন হতে হতো বলেও তিনি উল্লেখ করেছেন।
‘কাহো না... পেয়ার হ্যায়’-এর সাফল্যের পর হৃত্বিক একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থানকে শক্তিশালী করেন। পাশাপাশি অভিনয়ের বাইরে ব্যবসায়ও যুক্ত হন তিনি। তার ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড HRX পরবর্তীতে তার ব্যবসায়িক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন