প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিরপুরে অনুষ্ঠিত দিনের প্রথম দুই সেশনে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্য ছিল স্পষ্ট। ৫৯ রানে বাংলাদেশের শেষ ৭ উইকেট তুলে নেয়ার পর তারা নিরাপদে ব্যাটিং করছিল। কিন্তু বৃষ্টি বাধার কারণে দ্বিতীয় সেশনের খেলা কিছুটা আগে শেষ হয়ে যায়। খেলা বন্ধ থাকার পর তৃতীয় সেশনে টাইগাররা অবশেষে তাদের দাপট পুনরুদ্ধার করে। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজরা তাদের স্বরূপে ফিরে আসেন।
প্রথমে মিরাজের চতুর বোলিং এবং পরে তাইজুলের জোড়া উইকেটের কল্যাণে বাংলাদেশের বোলিং আক্রমণ দিনের শেষ সেশনে দ্রুত ৩ উইকেট তুলে নেয়। ওয়েস্ট ইন্ডিজ ৯০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৯৭ রানে পৌঁছাতে গিয়ে আরও ২ উইকেট হারায়।
হাসান মাহমুদ ব্রেন্ডন কিংকে (১৫) ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত ধাক্কা দেন। তবে জন ক্যাম্পবেল ও ত্যাগনারায়ণ চন্দরপলের জুটি সেই ধাক্কা কাটিয়ে বাংলাদেশকে ক্রমাগত হতাশায় ফেলছিল। ক্যাম্পবেল দায়িত্বশীল ব্যাটিংয়ে তার ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন।
কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। দ্রুত দ্বিতীয় সেশনের ইতি ঘোষণা করে চা বিরতির ঘোষণা দেয়া হয়।
বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর তৃতীয় সেশন শুরু হয়। কিছুক্ষণ পর মিরাজ ব্রেক থ্রু এনে দেন। ক্যারিবীয়রা ৯০ রানে দ্বিতীয় উইকেট হারায়, ভেঙে যায় ৭১ রানের জুটি।
মিরাজের উঁচু বল স্লিপে শান্তর হাতে ক্যাচ দেন জন ক্যাম্পবেল। তিনি ৭৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন।
এর পাঁচ ওভার পরে তাইজুল জাদু দেখান। তিনি একই ওভারে কাভেম হজ ও আমির জাঙ্গুকে ফেরান।
সেই ওভারের প্রথম বলে সিলি পয়েন্টে মুমিনুল দারুণ ক্যাচ নেন হজের। তিনি ৭ রান করেন। আর ওভারের পঞ্চম বলে তাইজুলকে স্লগ সুইপ খেলতে গিয়ে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন জাঙ্গু। তিনি রানের খাতা খুলতে পারেননি।
ক্রিজে এখন চন্দরপলের সঙ্গী জাস্টন গ্রেভস। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৩ ওভারে ৪ উইকেটে ১১৬ রান। চন্দরপল ১১৯ বলে ২৭ রানে ব্যাট করছেন। গ্রেভস অপরাজিত ১৩ রানে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন