প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার আগামী ১ জুলাই ২০২৭ তারিখ থেকে সকল ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের শুল্ক পরিশোধের জন্য এ-চালান ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করেছে। স্ট্যাম্পের মূল্য বা পরিমাণ যাই হোক, এই নিয়ম কার্যকর হবে। তবে, ৩০ জুন ২০২৭ পর্যন্ত, এ-চালানের পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্ট্যাম্প শাখার উপসচিব মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ধারা ১১এ এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ধারা ২(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধ করে নিবন্ধনযোগ্য দলিল লেখার ক্ষেত্রে কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপন করার সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রশিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। এছাড়া, দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।
বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্কও এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে একই ধরনের শর্ত প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে, শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে বিমা পলিসির সঙ্গে এ-চালানের রশিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। রশিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর এবং পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।
এছাড়া, একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে যাদের পক্ষে অর্থ জমা দেয়া হচ্ছে, তাদের প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। এই ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী টিআইএন, এনআইডি, বিআইএন বা ট্রেড লাইসেন্স নম্বর প্রদান করতে হবে।
নন-জুডিশিয়াল স্ট্যাম্পের শুল্ক পরিশোধের পদ্ধতি এ-চালানের মাধ্যমে স্বয়ংক্রিয় করার ফলে প্রচলিত ইমপ্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্পের মুদ্রণ, সংরক্ষণ, বিতরণ এবং কমিশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে। পাশাপাশি, জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ হবে এবং সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন