প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্থিক অন্তর্ভুক্তি এবং জেন্ডার-সংবেদনশীল আর্থিক সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক উল্লেখযোগ্য অবদানের জন্য আন্তর্জাতিক সংস্থা অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) থেকে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকটি ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ এই দুটি স্বীকৃতি লাভ করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবিতে অনুষ্ঠিত এএফআই গ্লোবাল পলিসি ফোরাম (জিপিএফ) ২০২৬-এ বাংলাদেশ ব্যাংকের হাতে এ দুটি সম্মাননা তুলে দেওয়া হয়।
ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা সফলভাবে বাস্তবায়নের জন্য ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালেও একই পুরস্কার অর্জন করেছিল।
এছাড়া, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গৃহীত নীতিগত উদ্যোগ এবং উদ্ভাবনী কার্যক্রমের জন্য বাংলাদেশ ব্যাংককে ‘জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে সম্মানিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এএফআই বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক নীতি প্রণয়নকারী এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে বিশ্বের ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক খাতের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাসহ ৮৯টি প্রতিষ্ঠান এ সংগঠনের সদস্য।
প্রতি বছর এএফআই গ্লোবাল পলিসি ফোরামে সদস্য দেশগুলোর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক এবং আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক বিশেষজ্ঞসহ ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের এই অর্জন দেশের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন