প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদেশি সহায়তা কমে যাওয়ার ফলে আফ্রিকার দেশগুলোর নিজেদের উন্নয়নের দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ-সুদানি ধনকুবের মো ইব্রাহিম। তিনি কর ফাঁকি ও মূলধন পাচার বন্ধ করার পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম উল্লেখ করেন, আফ্রিকার দেশগুলোর উচিত নিজেদের অর্থনীতি ও ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। মৌলিক সেবা যেমন স্বাস্থ্যসেবা ও শিক্ষার নিশ্চয়তা দেওয়ার দায়িত্বও সরকারের।
টেলিযোগাযোগ খাতে ব্যবসা করে বিপুল সম্পদের মালিক হন মো ইব্রাহিম। পরবর্তীতে তিনি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হন। তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন আফ্রিকার শাসনব্যবস্থার একটি সূচক প্রকাশ করে, যেখানে মানবাধিকার, নিরাপত্তা, আইনের শাসন এবং সশস্ত্র সংঘাতসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হয়।
ফাউন্ডেশনের ২০২৬ সালের সূচকে দেখা যায়, গত এক দশকে আফ্রিকার সামগ্রিক শাসনব্যবস্থায় সামান্য উন্নতি ঘটেছে। তবে নিরাপত্তা, আইনের শাসন এবং নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে অবনতি হয়েছে।
ইব্রাহিম বলেন, আটলান্টিক মহাসাগর থেকে সাহেল অঞ্চল হয়ে আফ্রিকার হর্ন পর্যন্ত বিস্তৃত সংঘাতপ্রবণ বলয়ের দেশগুলো ক্রমশ ‘শাসন অযোগ্য’ হয়ে উঠছে। তবে তিনি বিশ্বাস করেন, আফ্রিকার পর্যাপ্ত সম্পদ রয়েছে এই পরিস্থিতি মোকাবিলার জন্য।
তিনি আরও বলেন, ‘আফ্রিকাকে নিজের ভবিষ্যৎ ও নিজের অর্থনীতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে।’ তাঁর মতে, ‘অপরিচিতদের দয়ার ওপর নির্ভর করা বন্ধ করতে হবে।’
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার শাসনব্যবস্থার চারটি প্রধান ক্ষেত্রেই উদ্বেগজনক অবনতি হয়েছে বলে এবারের সূচকে উঠে এসেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অবস্থারও ধারাবাহিক পতন ঘটছে।
তবে সামগ্রিকভাবে অর্থনৈতিক সুযোগ ও মানব উন্নয়নের অগ্রগতি নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব কিছুটা পুষিয়ে দিয়েছে। অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও উন্নতি হয়েছে। বিদেশি সহায়তায় বড় ধরনের কাটছাঁটের পরও এ অগ্রগতি ধরে রাখা সম্ভব বলে মনে করেন ইব্রাহিম।
বিশ্বের ধনী দেশগুলোর বৈদেশিক উন্নয়ন সহায়তা ২০২৫ সালে ২৩ দশমিক ১ শতাংশ কমেছে। এক বছরে এ ধরনের সহায়তা কমার ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএসএআইডিকে সরকারি সংস্থা হিসেবে বিলুপ্ত করার পর এ পতন ঘটে।
ইব্রাহিম বলেন, এত কঠোরভাবে সহায়তা কমানোর ফলে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। চিকিৎসাধীন রোগীদের মাঝপথে সহায়তা বন্ধ করে দেওয়ার বিষয়টিকে তিনি অক্সিজেনের মাস্ক খুলে নেওয়ার সঙ্গে তুলনা করেন।
তাঁর মতে, মূলধন পাচার, অবৈধ আর্থিক প্রবাহ এবং বহুজাতিক কোম্পানির কর ফাঁকির কৌশল বন্ধ করতে পারলে বিদেশি সহায়তা কমে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে পারবে আফ্রিকা। এসব কোম্পানি কম করের দেশে মুনাফা স্থানান্তরের মাধ্যমে কর এড়ানোর চেষ্টা করে।
ইব্রাহিম ফাউন্ডেশনের ২০২৫ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মূলধন পাচারের কারণে আফ্রিকা থেকে প্রতিবছর আনুমানিক ৯০ বিলিয়ন ডলার বেরিয়ে যায়। এই অর্থের পরিমাণ মহাদেশটির সরকারি উন্নয়ন সহায়তা হিসেবে যা পায়, তার চেয়েও বেশি। এর প্রায় অর্ধেকই স্বর্ণের মতো খনিজসম্পদ উত্তোলন খাতের সঙ্গে সংশ্লিষ্ট।
ইব্রাহিম বলেন, কর আদায়ব্যবস্থা শক্তিশালী করা, কর অবকাশের মতো সুবিধা বন্ধ করা এবং আফ্রিকার পেনশন ও সার্বভৌম সম্পদ তহবিলের অর্থ মহাদেশটির ভেতরে বিনিয়োগের উদ্যোগ নিলে উন্নয়নে অর্থের জোগান বাড়বে।
তিনি বলেন, ‘আমি যদি নিজের অর্থনীতির ওপর আস্থা না দেখাই, তাহলে অন্যদের কীভাবে এখানে এসে বিনিয়োগ করার প্রত্যাশা করতে পারি?’ তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন