প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোরাদাবাদে, ভারতের উত্তর প্রদেশের সার্কিট হাউসে নামাজ আদায়ের অভিযোগে সমাজবাদী পার্টির (এসপি) এক নেতার বিরুদ্ধে স্থানীয় পুলিশ মামলা দায়ের করেছে। অভিযোগ করা হয়েছে যে, জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি হয়েছে, তবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পার্ক করা গাড়ির সামনে তিনি শান্তিপূর্ণভাবে নামাজ পড়ছেন। এতে সাধারণ মানুষের চলাচলে বা যানবাহনে কোনো ব্যাঘাত ঘটার প্রমাণ নেই।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত নেতার নাম হাজী মোহাম্মদ উসমান। তিনি সমাজবাদী পার্টির মোরাদাবাদ জেলা শাখার সহসভাপতি এবং বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা।
পুলিশের সূত্র অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ২৮৫ ধারায় (জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি) এবং ২৯২ ধারায় (জনসাধারণের অসুবিধা সৃষ্টি) তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
জানা গেছে, উসমান উত্তর প্রদেশ বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবের সঙ্গে দলের বৈঠকে অংশ নিতে মোরাদাবাদ সার্কিট হাউসে গিয়েছিলেন। সেখানে একটি পার্ক করা গাড়ির পেছনে তাকে নামাজ পড়তে দেখা যায়। তবে অভিযোগকারী, মোরাদাবাদের গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী অনিত কুমার, দাবি করেছেন যে, সার্কিট হাউসের পথ আটকে গাড়ি পার্ক করার কারণে চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।
এই ঘটনার পেছনে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের বিষয়টি উঠে এসেছে। স্থানীয় সংবাদপত্র দৈনিক ভাস্কর জানায়, সার্কিট হাউসের মতো সরকারি স্থাপনায় নামাজ পড়ার অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় বজরং দলের রাজ্য সভাপতি রোহান সাক্সেনা প্রশ্ন তুলেছেন। তার এই অবস্থানের পর প্রশাসনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
উল্লেখ্য, উত্তর প্রদেশ সরকারের নীতি অনুযায়ী, সড়কে নামাজ পড়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও সরকারি স্থাপনায় নামাজ পড়া আইনত বেআইনি নয়। একই সময়ে কানওয়ার যাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিদের দ্বারা সড়ক অবরোধ ও ভাঙচুরের একাধিক ভিডিও প্রকাশিত হলেও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া এবং এক মুসলিম নেতার বিরুদ্ধে পুলিশি তৎপরতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনি ব্যবস্থার দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন