প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড সুপারস্টার শাহরুখ খান ছোটবেলা থেকেই একটি বাড়ির স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নের বাস্তবায়ন হিসেবে তিনি মুম্বাইয়ের বিখ্যাত বাড়ি ‘মান্নাত’ কিনেছিলেন। সম্প্রতি দুবাইয়ে করণ জোহরের সঙ্গে একটি অনুষ্ঠানে নিজের বাড়ির স্বপ্ন ও তা পূরণের অভিজ্ঞতা শেয়ার করেছেন শাহরুখ। এ সময় তিনি ভক্তদের উদ্দেশে বলেন, "কোনো কিছু মন থেকে চাইলে একদিন তা পূরণ হবেই।"
দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ প্রকল্পের অনুষ্ঠানে শাহরুখ ও করণ জোহর উপস্থিত ছিলেন। করণ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। দুই বন্ধুর কথোপকথনে হাসি-ঠাট্টা, স্মৃতিচারণা ও ব্যক্তিগত নানা বিষয় উঠে আসে। একপর্যায়ে শাহরুখ আবেগপ্রবণ হয়ে নিজের বাড়ির স্বপ্ন নিয়ে কথা বলেন।
অভিনেতা জানান, ছোটবেলায় তার এমন কোনো বাড়ি ছিল না, যা তিনি নিজের স্বপ্নের বাড়ি মনে করতেন। তাই নিজের একটি ঠিকানা থাকার আকাঙ্ক্ষা সব সময় তার মধ্যে ছিল। তিনি এমন একটি জায়গা চেয়েছিলেন, যেখানে তিনি নিজেকে আপন মনে করবেন এবং নিজের বলে পরিচয় দিতে পারবেন।
নিজের প্রথম বাড়ি কেনা এবং পরে মুম্বাইয়ের ‘মান্নাত’ কেনার সিদ্ধান্ত যে খুব বাস্তবসম্মত ছিল না, তা তিনি স্বীকার করেন। বিশেষ করে মান্নাত তার কল্পনারও বাইরে ছিল। তবে বাড়ির সঙ্গে মানুষের পরিচয় ও আপন অনুভূতির সম্পর্ক তাকে এমন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল। তার মতে, একটি বাড়ি মানুষের পরিচয়ের অংশ হয়ে ওঠে। সেখানে তৈরি হয় নিজের বলে ভাবার মতো একটি জায়গা।
যারা নিজের বাড়ির স্বপ্ন দেখেন, তাদের উদ্দেশ্যে শাহরুখ বিশেষ বার্তা দেন। তিনি বলেন, "যদি কেউ মন থেকে কোনো কিছু চান, তাহলে মহাবিশ্ব ও আল্লাহ সেই স্বপ্ন পূরণে সহায়তা করবেন।" শাহরুখের ওম শান্তি ওম সিনেমার ভক্তদের কাছে তার এই বক্তব্যের সঙ্গে পরিচিত আবহ খুঁজে পাওয়া যেতে পারে। তবে এবার তিনি নিজের ছোটবেলার স্বপ্নের কথা বলেই এমন মন্তব্য করেছেন।
বাড়ির গল্প ও স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠানে শাহরুখ নিজের আসন্ন সিনেমা কিং-এর গান ‘তু মিল যায়ে’র তালে নেচে দর্শকদের আনন্দ দেন। তার নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে তিনি নিজের জনপ্রিয় কয়েকটি সংলাপ বলেন এবং ভক্তদের সামনে পরিচিত দুই হাত প্রসারিত করার ভঙ্গিতে পোজ দেন।
অনুষ্ঠানে শাহরুখের পোশাকও আলোচনার বিষয় ছিল। তিনি কালো রঙের ব্লেজার ও একই রঙের ট্রাউজার পরেছিলেন। ব্লেজারের কলার ও হাতায় অলংকরণ ছিল। সঙ্গে সানগ্লাস, কানে দুল এবং পরিচিত লবণ-মরিচ রঙের চুল-দাড়ি। সব মিলিয়ে অল-ব্ল্যাক লুকে তিনি নজর কাড়েন।
শাহরুখের আসন্ন সিনেমা কিং-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ মুক্তি পায় ২ নভেম্বর, অভিনেতার জন্মদিনে। গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। রোমান্টিক গানটি সিনেমার গল্প ও আবহের একটি ঝলক তুলে ধরেছে।
প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা কিং-এ প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে দুবাইয়ের আবাসন প্রকল্পটির পেন্টহাউসগুলোর নকশা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। দুবাই মেরিটাইম সিটিতে গড়ে ওঠা প্রকল্পটির মাধ্যমে ডানিউব প্রপার্টিজের সঙ্গে শাহরুখ আবারও যুক্ত হলেন। এর আগে প্রতিষ্ঠাতা রিজওয়ান সাজানের সঙ্গে অভিনেতার নামাঙ্কিত একটি বাণিজ্যিক টাওয়ার নির্মাণের কাজেও তিনি যুক্ত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন