প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ১১ দলীয় ঐক্য জোট ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ এবং পথসভা আয়োজন করেছে। তারা আগামী দুই মাসের মধ্যে আরও তিনটি বিভাগে একই ধরনের কর্মসূচি পরিচালনা করার পরিকল্পনা করেছে। কর্মসূচির শেষে নভেম্বরে ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজনের কথাও রয়েছে। খবরটি বিবিসির মাধ্যমে প্রকাশিত হয়েছে।
৫ সেপ্টেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে লংমার্চের পথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে জোটের নেতারা ছয় দফা বাস্তবায়নের দাবি তুলে ধরেন।
প্রথম দিনের কর্মসূচিতে এমন মন্তব্য উঠে আসে যে, লংমার্চে যদি বাধা দেওয়া হয় বা দাবিগুলো পূরণ না করা হয়, তাহলে সরকার পতনের একদফা ঘোষণা করা হবে।
ঢাকায় কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত সমাবেশে, জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "যদি সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে ‘ছয় দফা এক দফায় পরিণত হবে’।"
অন্যদিকে, লালদিঘীর সমাবেশে এগার দলীয় জোটের প্রধান দল জামায়াতে ইসলামী প্রধান শফিকুর রহমান সরকারকে সতর্ক করেন, বিরোধী দলের আন্দোলন "ঈদের পরের আন্দোলন হবে না।"
সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বে এই কর্মসূচিকে ইঙ্গিত করে বলেন, জনগণকে বিভ্রান্ত করে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি মন্তব্য করেন, "আমরা দেখলাম, একটি বিশাল গাড়ির লংমার্চ আয়োজন করা হয়েছিল। বাইরে বিভিন্ন মানুষ একটি কথা বলে যে জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কিছু করার অপচেষ্টা করা হয়েছিল কিনা? যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করতে গাড়ির লংমার্চ করা যেত, তাহলে আমরাই সবচেয়ে আগে লংমার্চের আয়োজন করতাম।"
এ ধরনের বক্তব্যের পর প্রশ্ন উঠছে, এ লংমার্চ কর্মসূচির মাধ্যমে বিরোধী দল কি সরকারকে বড় আন্দোলনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায়?
সরকার কেন সন্দেহ করছে?
জামায়াত-এনসিপির কর্মসূচির দিনেই ঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি অভিযোগ করেন, দেশে অরাজকতার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, "আমরা খেয়াল করছি কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তি, বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এবং বিভ্রান্তি তৈরির মাধ্যমে দেশে একটি অরাজকতা তৈরির চেষ্টা করছে। কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলা আছে কীভাবে অরাজকতাকে কন্ট্রোল করতে হবে।"
পরদিন দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করেন।
কিন্তু সরকারের এমন সমালোচনা বা সন্দেহের কারণ কী? কিংবা বিরোধী দলের কর্মসূচি নিয়েই বা কেন উদ্বিগ্ন? এ বিষয়ে দুটি বিষয় উঠে আসছে।
প্রথমত, সরকার মাত্র ছয় মাস পার করেছে। এর মধ্যেই বিএনপি এই আন্দোলনের যৌক্তিকতা দেখছে না।
দ্বিতীয়ত, কর্মসূচি ঘিরে সম্ভাব্য ‘অস্থিরতা সৃষ্টির তথ্য’ রয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেন, জামায়াতের এ লংমার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগ এক ধরনের সুযোগ নিতে চেয়েছিল। এ লংমার্চের মধ্যে ঢুকে তারা এক ধরনের অঘটন ঘটাবে। এখানে সরকারের কাছে তথ্য ছিল। তাই সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল যাতে করে সরকার পতন কিংবা সরকারকে দায় চাপানোর রাজনীতি কেউ করতে না পারে।
তার মতে, গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করে গেছে এবং এর বাইরে আওয়ামী লীগ সরকারের ষোল বছরের যে ‘অব্যবস্থাপনা’ সেটার দায় বিএনপির নয়।
তবে জামায়াত এসবের দায় ‘বিএনপির উপর চাপিয়ে চাপিয়ে লংমার্চ কর্মসূচি করছে’ বলেও তিনি মনে করেন।
‘বড় আন্দোলনের’ পথ তৈরি করছে জামায়াত?
লংমার্চে জামায়াত নেতৃত্বাধীন এগার দলীয় জোট থেকে মূলত ছয়টি দাবি তুলে ধরা হয়েছে।
এগুলো হলো গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাসের সংকট, দুর্নীতি-দলীয়করণ বন্ধ করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
কিন্তু সরকারের ছয় মাস পার হতে না হতেই এসব দাবি সামনে রেখে বড় ধরনের কর্মসূচিকে সন্দেহ করছে বিএনপি।
আবার জামায়াতের কর্মসূচি থেকেও স্পষ্ট যে, এসব কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে রাজপথেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পথ তৈরি করতে চায়।
জোটের ঘোষণা অনুযায়ী, পরবর্তী লংমার্চ হবে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১৯ সেপ্টেম্বর। এরপর খুলনায় ১০ অক্টোবর। আর ২৪ অক্টোবর লংমার্চ হবে সিলেটে।
বিভাগীয় শহরে চারটি লংমার্চ শেষে নভেম্বরে ঢাকায় হবে মহাসমাবেশ। সেখান থেকে আসবে পরবর্তী কর্মসূচি বা ঘোষণা।
কিন্তু বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার মাত্র ছয় মাস হতেই কেন এরকম ধারাবাহিক কর্মসূচিতে যাচ্ছে এগার দলীয় জোট?
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার একেবারে প্রথম দিনেই গণভোটের রায়কে অস্বীকার করেছে। যেকোনো সরকারের কিছু সময় যাওয়ার পরে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়গুলো আসে। কিন্তু এই সরকারের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। তারা একেবারে শুরুর দিনেই যে রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল যে, গণভোটের গণরায়কে তারা বাস্তবায়ন করবে- এটাকে তারা অস্বীকার করেছে।
তার মতে, পরিস্থিতিই তাদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে।
অন্যদিকে একইরকম মত দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল অর্ডারে দুটো ম্যান্ডেটরি টাইম ছিল। সংসদের প্রথম অধিবেশন যেদিন শুরু হবে, তার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। আপনি ডাকেননি। ছয় মাসের মধ্যে জুলাই চার্টার বাস্তবায়ন করে সংবিধানে তফশিল অন্তর্ভুক্ত করতে হবে। এই সেপ্টেম্বরে সেই ছয় মাসও শেষ হয়ে যাচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার মনে করেন, সরকার গণভোটের রায় কিংবা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তো করছেই না বরং ‘ইচ্ছেমতো চলার’ প্রবণতা তৈরি হয়েছে। যেকোনো আইন পাশ থেকে শুরু করে সবখানেই এটা দেখা যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনি যা ইচ্ছা, তা-ই করে যাবেন, এজন্য তো লোকেরা আপনাদের ভোট দেয়নি। আর আপনি যদি ৫০ শতাংশ ভোট পেয়ে মেজরিটি হন, তাহলে গণভোটে তো প্রায় ৭০ শতাংশ হ্যাঁ ভোটের পক্ষে পড়েছে। সেটা মানবেন না?
আন্দোলনের যৌক্তিকতা নিয়ে তিনি বলেন, "এখন এই যে, বলা হচ্ছে মাত্র ছয় মাস হলো, এখন এমন কী হয়েছে! ...কিন্তু এতোগুলো প্রাণের বিনিময়ে যে গণআকাঙ্ক্ষা, আপনি তাকে অস্বীকার করে যাচ্ছেন! এর চেয়ে বড় আর কী হতে পারে?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন