প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর চারঘাটের খোর্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি ২০২৫-২৬ অর্থবছরে কাবিটা কর্মসূচির আওতায় প্রায় দুই লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। তবে বর্তমানে মাঠটি চিনিকলের আখ সংগ্রহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খোর্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের এই মাঠটি কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একমাত্র ভরসা। কিন্তু সম্প্রতি মাঠের একটি অংশ ভাড়া দিয়ে সেখানে ইক্ষু ক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে আখ কেনাবেচা, যানবাহনের আনাগোনা ও শ্রমিকদের জটলা লেগেই থাকছে। ফলে শিক্ষার্থীদের মাঠে নামা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং শ্রেণিকক্ষের পরিবেশেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে খেলার মাঠ সংস্কার ও উন্নয়নের কথা উল্লেখ করে পিআইও অফিস থেকে ২ লাখ টাকা বরাদ্দ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। মাঠ সংস্কার করা হলেও বিদ্যালয়ের মাঠটি বাণিজ্যিক উদ্দেশ্যে ইক্ষু ক্রয়কেন্দ্রকে ব্যবহারের সুযোগ করে দেওয়ায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে, তেমনি সরকারি অনুদানের অর্থের অপচয় হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ বলেন, কাবিটা প্রকল্পের বরাদ্দ অর্থ দিয়ে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি অর্থে সংস্কার করা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ আখ সংগ্রহের কাজে ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ শিক্ষার্থীদের খেলাধুলার অধিকার রক্ষায় মাঠটি দ্রুত খেলার উপযোগী করার দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রতি বছরই বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠ সংস্কারের নামে সরকারি অনুদান নিয়ে লোক দেখানো কাজ করে উল্টো মাঠে ইক্ষু ক্রয়কেন্দ্র চালু করে আসছেন। একই সঙ্গে মাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদানের প্রকৃত ব্যয় ও কার্যক্রমের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
ইক্ষু ক্রয়কেন্দ্রের সিআইসি মুক্তা জানান, বিদ্যালয়ের সঙ্গে ইক্ষু ক্রয়কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চুক্তিতে বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা হচ্ছে।
খোর্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম জানান, এলাকার আখচাষি ও কৃষকদের অনুরোধে ৬ হাজার ৮০০ টাকার চুক্তিতে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবেশ রক্ষায় ইক্ষু সংগ্রহ কেন্দ্রটি জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার জন্য ইক্ষু ক্রয়কেন্দ্র কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার কোনো বিধান নেই। তার পরও শিক্ষার্থীদের খেলাধুলা ও বিদ্যালয়ের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি করে এমন কার্যক্রম কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন