সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০২:০৯ পি.এম
মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার আলোচিত কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে থাকা চীনা নারী অ্যালিস হুয়াং, প্রতিষ্ঠানের সাবেক প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের সময় চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (২২ নভেম্বর) এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে, ২০২৫ সালের বসন্তকাল থেকে শুরু করে চলতি বছরের শরৎকাল পর্যন্ত এক বছরেরও বেশি সময় ধরে চীনের প্রভাবশালী রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ধারাবাহিক যোগাযোগ ছিল।
জেনসেন হুয়াংয়ের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এনভিডিয়া এবং ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। বার্তা সংস্থা রয়টার্স অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো বক্তব্য পায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের সার্বিক জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। স্কুল ও কলেজের কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি দোকানপাট, অফিস, আদালত, ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানগুলোও খুলে গেছে। তবে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হলেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, রোববার রাতে অভিযান ও গ্রেপ্তারের আতঙ্কে জেলার বিভিন্ন মসজিদে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করার ঘটনা ঘটেছে। কিছুক্ষণ পর স্থানীয় একাধিক নেতাকর্মী তাদের ফেসবুক পোস্টে এই ঘটনাকে ‘গুজব’ উল্লেখ করে সবাইকে এতে কান না দেওয়ার জন্য অনুরোধ জানান।
সোমবার (২৩ নভেম্বর) জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সাধারণ মানুষ নির্বিঘ্নে দৈনন্দিন কাজে ঘর থেকে বের হয়েছে। জেলার সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল করছে। শহরের বাজারগুলোতে সব ধরনের দোকানপাট খুলে গেছে। বাজারগুলোতে সাধারণ মানুষের ভিড় ও কেনাবেচা বৃদ্ধি পেয়েছে।
গোপালগঞ্জের সড়ক মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অনলাইনে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নতুন করে ২৬ প্লাটুনসহ ৫৫ প্লাটুন বিজিবি এবং ১৫ প্লাটুন আনসার ব্যাটেলিয়ান মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন এবং সড়ক জুড়ে টহল দিতে দেখা গেছে।
অন্যদিকে, সকালে গোপালগঞ্জ সদর ও কোটালিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলগুলো জেলা ও উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
তবে এখন পর্যন্ত টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানীসহ জেলার কোথাও নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করার পর এবার প্রথমবারের মতো এটিপি ফাইনালসের শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ। তুরিনে অনুষ্ঠিত ফাইনালে, রবিবার, বিশ্বের এক নম্বর বাছাই আলেকজান্ডার জভেরেভকে সরাসরি সেটে পরাজিত করেছেন স্প্যানিশ তারকা। ৬-২, ৭-৬ গেমের জয় অর্জন করে টুর্নামেন্টের শিরোপা জয়ের পাশাপাশি ইতিহাসের বিশেষ তালিকায় স্থান করে নিয়েছেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।
এর আগে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম এবং এটিপি ফাইনালস—দুটি শিরোপা জিতেছিলেন মাত্র তিনজন: আন্দ্রে আগাসি, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। তাঁদের সঙ্গে চতুর্থ খেলোয়াড় হিসেবে যুক্ত হলেন আলকারাজ।
ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস প্রদর্শন করেন আলকারাজ। পুরো সপ্তাহে নিজের সার্ভিস গেমে কোনো ব্রেক পয়েন্ট না দেওয়া জভেরেভকে প্রথম গেমেই তিনটি ব্রেক পয়েন্টের মুখোমুখি হতে হয়। যদিও সেগুলো রক্ষা করেন জার্মান তারকা, পরবর্তী তিনটি সার্ভিস গেমে তাঁর সার্ভিস ভেঙে দেন আলকারাজ।
প্রথম সেটে জভেরেভকে কার্যত নিয়ন্ত্রণে রেখেছিলেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় সেটেও শুরুতে এগিয়ে ছিলেন তিনি। মাঝপথে প্রতিপক্ষকে কোণ থেকে কোণে ছুটতে বাধ্য করে আরেকটি ব্রেক আদায় করেন আলকারাজ। তবে জভেরেভ ঘুরে দাঁড়িয়ে স্কোর ৪-৪ করেন।
শেষ পর্যন্ত দ্বিতীয় সেটের টাইব্রেকারে তিনটি সেট পয়েন্ট নষ্ট করেন জভেরেভ। আলকারাজ নিজের দ্বিতীয় ম্যাচ পয়েন্ট কাজে লাগিয়ে ব্যাকহ্যান্ড উইনারের মাধ্যমে জয় নিশ্চিত করেন। এরপর কোর্টে শুয়ে পড়ে উদ্যাপনে মেতে ওঠেন তিনি।
বাম পায়ে ভারী ব্যান্ডেজ নিয়েই ফাইনালে খেলতে নেমেছিলেন আলকারাজ। তবে ম্যাচে তাঁর চলাফেরায় বড় কোনো সমস্যা দেখা যায়নি। দুই ঘণ্টার কিছু বেশি সময়ের লড়াইয়ে জয়ের মধ্য দিয়ে জভেরেভের বিপক্ষে ফাইনালে শতভাগ জয়ের রেকর্ডও ধরে রাখেন তিনি।
চলতি মৌসুমে এটি আলকারাজের টানা ১৪তম জয়। এই ধারায় এটিপি ফাইনালসের আগে ভিয়েনা ওপেন ও প্যারিস মাস্টার্সের শিরোপাও জিতেছেন তিনি। ১৪ ম্যাচের এই জয়ের ধারায় মাত্র দুই সেট হারিয়েছেন স্প্যানিশ তারকা। চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার পেয়েছেন প্রায় ৫২ লাখ ডলার।
‘এই ট্রফির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি’
শিরোপা জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আলকারাজ বলেছেন, ‘আমার জন্য এটি অসাধারণ একটি সপ্তাহ ছিল। এর চেয়ে ভালোভাবে সপ্তাহটি শেষ করতে পারতাম না। এই সপ্তাহে যা করেছি, তা নিয়ে আমি সত্যিই গর্বিত ও আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘নিজের ভেতরে এবং দলের সঙ্গে অনেক কঠিন সময় পার করেছি। সবকিছু পেরিয়ে আমরা দারুণ টেনিস খেলেছি। এই ট্রফির জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। এটি আমার কাছে অনেক বড় কিছু।’
এটিপি ফাইনালস জয়ের মাধ্যমে আলকারাজ টুর্নামেন্টটির শিরোপাজয়ী তৃতীয় স্প্যানিশ খেলোয়াড় হলেন। এর আগে ১৯৭৬ সালে ম্যানুয়েল ওরান্তেস এবং ১৯৯৮ সালে অ্যালেক্স কোরেত্তা এই শিরোপা জিতেছিলেন।
অন্যদিকে, রানার্সআপ জভেরেভও আলকারাজের প্রশংসা করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘তুমি আমাদের খেলাটির একজন কিংবদন্তি, অথচ তোমার বয়স মাত্র ২৩। কালই যদি অবসর নাও, তবুও নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবে।’
এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা ইয়ানিক সিনারের সঙ্গে আলকারাজের পয়েন্ট ব্যবধানও কমেছে। টুর্নামেন্ট শুরুর আগে ব্যবধান ছিল ১ হাজার ৮৫০ পয়েন্ট; এখন তা নেমে এসেছে ৩৫০ পয়েন্টে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের ফলে পাঁচ কার্যদিবস বন্ধ থাকার পর সচল হয়ে উঠেছে সঞ্চয়পত্র অধিদপ্তরের সার্ভার। সঞ্চয়পত্র কেনা, নগদায়ন ও প্রত্যয়নপত্র সংগ্রহসহ বিভিন্ন সেবা অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেডের কারণে বন্ধ ছিল। এই কারণে গ্রাহকেরা পাঁচ দিন ধরে ভোগান্তিতে ছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে সঞ্চয়পত্র অফিস ও ব্যাংকে এসে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের, যা গত চার দিনের মতোই ঘটছে। বিশেষ করে যারা সংসারের খরচ, চিকিৎসা অথবা জরুরি প্রয়োজনে সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল, তাদের দুর্ভোগ অনেক বেড়ে গেছে।
গ্রাহকদের অভিযোগ, অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেডের কারণে পাঁচ কার্যদিবস ধরে সঞ্চয়পত্র অধিদপ্তরের সার্ভার ডাউন থাকায় তারা সঞ্চয়পত্র কেনা, নগদায়ন ও প্রত্যয়নপত্র সংগ্রহসহ বিভিন্ন সেবা নিতে পারছেন না। এর ফলে একদিকে সময় ও যাতায়াত খরচ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে পারছেন না তারা।
এদিকে, দুপুরে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের মাধ্যমে সঞ্চয়পত্র অধিদপ্তরের সার্ভার সচল হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, দ্রুতই স্বাভাবিক লেনদেনে ফিরে আসবে।
সঞ্চয়পত্রের সার্ভার সচল হওয়ায় গ্রাহকদের অপেক্ষার অবসান হওয়ার আশা করা হচ্ছে। তবে পাঁচ দিনের এই অচলাবস্থা সরকারি আর্থিক সেবার ডিজিটাল ব্যবস্থাপনার সক্ষমতা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে।
এর আগে, জাতীয় সঞ্চয় অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আপগ্রেডেশন কার্যক্রম চলমান থাকায় সিস্টেমের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়, নগদায়নসহ সংশ্লিষ্ট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আপগ্রেডেশন শেষ হলে দ্রুততম সময়ে সিস্টেমের স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রেমের ফাঁদ ‘অনলাইন’। প্রেমের জন্য আকৃষ্ট হতে চান বা না চান— মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে সকলের। যতই বুদ্ধিমান হোন না কেন— কোথায় ওঁৎ পাতা রয়েছে তা বোঝা কঠিন। এই অনলাইনের প্রেমের বিষয়টি নিয়ে সতর্ক করেছেন অস্ট্রেলিয়া নিবাসী সাইবার নিরাপত্তা কর্মী আরন বুগাল।
প্রেমের আবেগের সঙ্গে টাকা চাওয়ার কৌশল এখন অতীত। বরং সরাসরি প্রেমের প্রস্তাব না দিয়ে, মনের ক্ষতে প্রলেপ দিয়ে বিশ্বাস অর্জন করেই চলছে প্রতারণার কৌশল। ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে। কখনো কখনো এমন বিপদের টোপ ফেলা হচ্ছে, সত্যি-মিথ্যা না বুঝে, আবার কখনো সরাসরি ‘না’ করতে পারার কারণে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন অনেকে।
প্রেমের ধরন এবং সংজ্ঞা এখন সম্পূর্ণ ভিন্ন। সঙ্গীর খোঁজ এখন হয়ে থাকে ডেটিং অ্যাপে। কখনো সামাজিক মাধ্যমের মাধ্যমে মন-শরীরের সংযোগ ঘটে। সব কিছুই যে ভুয়া, প্রেম যে হয় না, তা কিন্তু নয়। তবে সামান্য অসাবধানতা ঘটলে বড় বিপদ ঘটতে পারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইবার নিরাপত্তা কর্মী আরন বুগাল জানিয়েছেন, "প্রতারকদের লক্ষ্যই থাকে অন্যদিকের মানুষটিকে প্রেমের জালে ফাঁসিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া এবং আর্থিক প্রতারণা"।
কিন্তু কোনটি প্রেম এবং কোনটি ফাঁদ— কীভাবে বুঝবেন? সরাসরি টাকা চাওয়ার পরিবর্তে প্রতারকরা অন্য পন্থায় চলে। প্রথম শর্ত হলো— কারও একাকিত্বের দিনগুলোতে ভরসার হাত বাড়িয়ে দেওয়া। প্রথমে যত্ন, পাশে থাকার প্রতিশ্রুতি। বিশ্বাস অর্জনের পরেই তারা আসল কাজটি সম্পন্ন করে।
মন খারাপ বা সম্পর্কের ভাঙনের মুখে দাঁড়িয়ে কি সামাজিক মাধ্যমকেই ভরসাযোগ্য মনে হয়? যেসব রিল বা ভিডিওর কথায় মনের মিল পান, সেগুলো কি শেয়ার করেন? কোথায় ঘুরছেন, জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির কাহিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন? সাইবার অপরাধীরা নিঃশব্দে সেসব লক্ষ করে ‘টার্গেট’ খুঁজে নেয়। অজান্তেই ফাঁদে পড়ে যেতে পারেন।
সাইবার নিরাপত্তা কর্মী আরন বুগাল বলেন, "ব্যক্তিগত তথ্য, জীবনের প্রতিটি মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলে বিপদ হতে পারে। প্রতারকরা তাদেরই বেছে নেন, যারা একাকিত্বে ভুগছেন, বিবাহবিচ্ছিন্ন বা জীবনে প্রেম খুঁজতে চাইছেন। শুধু আবেগপ্রবণ মানুষ নয়, প্রতারকরা চড়া সুদে বিনিয়োগ বা ক্রিপ্টোক্যারেন্সির লোভ দেখিয়ে অনেক সময় অভিজ্ঞ, চালাক-চতুর লোকজনকেও বোকা বানিয়ে দেয়।"
আর প্রতারকরা অনেক সময় ভুয়া ছবি ও পরিচয়ের ভেক ধরেও সম্পর্কে জড়ায়। দেখা করার কথা বললেই শুরু হয় অজুহাত।
চলুন জেনে নেওয়া যাক, যা দেখলে বুঝবেন লাল সংকেত—
প্রোফাইলের ছবি: প্রোফাইলের ছবিটি অতিমাত্রায় নিখুঁত, মডেলদের মতো হলে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। কারণ ‘গুগল রিভার্স ইমেজ সার্চ’-এ গিয়ে দেখুন, অন্য কারও মুখের সঙ্গে মিল আছে কিনা।
পরিচয়ে অসঙ্গতি: প্রোফাইলে পুরোনো কোনো ইতিহাস বা সাধারণ পোস্ট থাকে না। কথা বলার সময় তাদের তথ্য বা কাজের বিবরণ বার বার বদলে যায়। কথাগুলো শুনতে সাজানো-গোছানো মনে হলেও বাস্তবে তথ্য যাচাই করার মতো প্রমাণ পাওয়া যায় না।
ভালোবাসার নাটকের পর কৌশলে টাকা চাওয়া: সম্পর্কের একটি পর্যায়ে এসে তারা প্রয়োজনের কথা বলে- চিকিৎসার খরচ, আইনি সমস্যা বা যে কোনো জরুরি পরিস্থিতির কথা বলে টাকা দেওয়ার অনুরোধ করে, যা সচরাচর অন্য মানুষটির পক্ষে এড়ানো সম্ভব হয় না।
টাকা চাওয়ার পন্থা: টাকা দেওয়ার জন্য তারা গিফট কার্ড, ক্রিপ্টোকারেন্সি, ওয়্যার ট্রান্সফারের মতো আন্তর্জাতিক মাধ্যম ব্যবহারের অনুরোধ করতে পারে।
দেখা করতে না চাওয়া: দেখা করার কথা বললে নানা রকম অজুহাত দেয় তারা? কখনো বাড়ির সমস্যা, আবার কখনো নেটওয়ার্কের সমস্যা বলে ভিডিওকল এড়ায়। শেষ মুহূর্তে কাজ পড়েছে বলে এরা সাক্ষাৎ এড়ানোর চেষ্টা করে।
উপহারের জন্য মাসুল: কোনো দামি উপহার, গহনা পাঠিয়েছে জানিয়ে কুরিয়ার ফি, কাস্টমস চার্জ বা রিলিজ ফি বাবদ টাকা পাঠানোর কথা বলতে পারে। এভাবে কিছু টাকা হাতিয়ে নিতে পারে তারা।
মানসিক চাপ: কোনো বিষয় নিয়ে প্রশ্ন করলে বা পরিবারের সন্দেহকে গুরুত্ব দিতে অগ্রাহ্য করতে বলে বা বিশ্বাস করছো না বলে পালটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে সতর্ক হওয়া দরকার। এটি অন্যজনকে মানসিকভাবে কাবু করার চেষ্টা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ