প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আল-আমিন শাহরিয়ার
ভোলা, (উপকূলীয় অফিস), ২৬ নভেম্বর, ২০২৬ : দেশের উপকূলীয় জেলা ভোলায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর রিপোর্ট অনুযায়ী, পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে ১ লাখ ১৮ হাজার ৮৮৯টি অর্থনৈতিক ইউনিট শনাক্ত করা হয়েছে। এই তথ্যটি সংস্থাটির প্রকাশনা ও স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসআর) বিষয়ক সেমিনারে তুলে ধরা হয়।
জেলা পরিসংখ্যান দপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে এ সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। গেস্ট অব অনার হিসেবে ছিলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান দপ্তরের উপ-পরিচালক মাকসুদুর রহমান।
সেমিনারে উপস্থাপিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্যানুযায়ী, ভোলা জেলায় মোট ১ লাখ ১৮ হাজার ৮শ’ ৮৯টি অর্থনৈতিক ইউনিট শনাক্ত হয়েছে। এসব ইউনিটে কর্মরত রয়েছেন ২ লাখ ২১ হাজার ৬৯৪ জন। ২০১৩ সালে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৬৯ হাজার ৭৭০টি। ফলে ১১ বছরে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৭০.৪ শতাংশ বেড়েছে।
পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্যে দেখা যায়, জেলায় ৬৯ হাজার ৫০টি স্থায়ী প্রতিষ্ঠান, ৪ হাজার ১৪৯টি অস্থায়ী প্রতিষ্ঠান এবং ৪৫ হাজার ৬৯০টি অর্থনৈতিক খানা রয়েছে। মোট অর্থনৈতিক ইউনিটের ৩৮.৪৩ শতাংশ পরিবারভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৬৬ দশমিক ৯৫ শতাংশ গ্রামীণ এলাকায় এবং ৩৩.০৫ শতাংশ শহরাঞ্চলে অবস্থিত।
২০১৩ সালে শহরাঞ্চলে অর্থনৈতিক ইউনিটের হার ছিল ১৬.৭৮ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। এছাড়া, কর্মসংস্থানের ক্ষেত্রেও শহরাঞ্চলের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।
জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ২ লাখ ২১ হাজার ৬৯৪ জনের মধ্যে গ্রামীণ এলাকায় ১ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন এবং শহরাঞ্চলে ৮৬ হাজার ৩৫১ জন কর্মরত আছেন।
অর্থনৈতিক শুমারির তথ্যানুযায়ী, ভোলার অর্থনীতিতে সেবা খাতের প্রাধান্য রয়েছে। জেলায় ১ লাখ ৯ হাজার ২৭৩টি অর্থনৈতিক ইউনিট সেবা খাতে এবং ৯ হাজার ৬১৬টি শিল্প খাতে পরিচালিত হচ্ছে। সেবা খাতে নিয়োজিত রয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৮৬ জন।
উপজেলা ভিত্তিক হিসাবে চরফ্যাশনে সর্বাধিক ৩০ হাজার ৬৮৫টি এবং ভোলা সদরে ২৯ হাজার ৭১৮টি অর্থনৈতিক ইউনিট রয়েছে। এই দুই উপজেলায় জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৫০.৮১ শতাংশ অবস্থিত।
সেমিনারে ভোলার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে ক্ষুদ্র ও পারিবারিক উদ্যোগের প্রসার, সহজ অর্থায়ন, উদ্যোক্তাদের নিবন্ধন সহায়তা, দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি, বাজারসংযোগ এবং শিল্প বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মাকসুদুর রহমান শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নির্ভুল তালিকা প্রণয়ন ও নিয়মিত হালনাগাদের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর গতি-প্রকৃতি পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যে ‘প্যারেন্ট-চাইল্ড রিলেশনশিপ’ শনাক্তকরণের লক্ষ্যে মাঠপর্যায়ে চলমান স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার জরিপে ব্যবসায়িক ফোরাম ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা কামনা করেন।
এ সময় ভোলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন