প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া পান রপ্তানি করা যাবে না, এই নির্দেশনা স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
রবিবার (৪ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে চেম্বার আদালত এই আদেশ প্রদান করেন। এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের বাধ্যবাধকতা আপাতত রহিত হয়েছে, এমনটি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আদালতে সমিতির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল এবং আইনজীবী ফয়সল মাহমুদ ফয়েজী।
চলতি বছরের ৬ আগস্ট বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির দায়ের করা একটি রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট এই আদেশ দেয় যে, সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের মহাপরিচালক চেম্বার আদালতে ওই আদেশ স্থগিতের জন্য আবেদন করেন। রবিবার শুনানির পর হাইকোর্টের আদেশটি স্থগিত করা হয়।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘১৯৬১ সালের বাণিজ্য সংগঠন আইনের বিধান উল্লেখ করে ২০০৩ সালে বাণিজ্য মন্ত্রণালয় পান রপ্তানির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমিতির সদস্যপদ গ্রহণের বিষয়ে একটি নির্দেশনা দিয়েছিল। ওই নির্দেশনাকে ভিত্তি করে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতি পান রপ্তানির জন্য প্রত্যয়নপত্র নেওয়ার বাধ্যবাধকতা তৈরি করেছে।’
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরও জানান, ‘এই পরিস্থিতিতে সরকার ২০০৩ সালের সিদ্ধান্ত স্থগিত করেছে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সমিতি হাইকোর্টে আবেদন করে। পরে ৬ আগস্ট হাইকোর্ট পান রপ্তানির পূর্বে সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার নির্দেশনা দেয়।’
পান রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং ও অর্থপাচার রোধের জন্য প্রত্যয়নপত্রের ব্যবস্থা করা হয়েছিল, সাংবাদিকদের জানিয়েছেন পান রপ্তানিকারক সমিতির আইনজীবী ফয়সল মাহমুদ ফয়েজী। তিনি বলেন, ‘রপ্তানির সময় ৪ বা ৫ ডলার মূল্যের পানের দাম ১ ডলার দেখিয়ে বাকি টাকা হুন্ডির মাধ্যমে লেনদেন এবং মানি লন্ডারিংয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি চিঠি ইস্যু করেছিল। ওই চিঠিতে বলা হয়েছিল অন্যান্য বাণিজ্যিক সংগঠনের মতো পানের রপ্তানির জন্য সমিতির প্রত্যয়নপত্র প্রয়োজন।’
এনবিআরের নির্দেশনা মেনে হাইকোর্ট আদেশ দিয়েছিল। চেম্বার আদালত আপাতত হাইকোর্টের আদেশটি স্থগিত করেছে। চূড়ান্ত শুনানির পর বিষয়টির নিষ্পত্তি হবে বলে জানান এই আইনজীবী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন