প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদানের পরিমাণ কমে আসার প্রেক্ষাপটে, কপ-৩১ জলবায়ু সম্মেলন বাংলাদেশের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছে। সম্মেলনে অংশগ্রহণ করে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নের সুযোগ নিশ্চিত করেছে। পাশাপাশি, আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
রোববার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
ড. সাইমুম পারভেজ বলেন, কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ু-সংক্রান্ত দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। এর ফলে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) ও গ্লোবাল শিল্ড থেকে প্রায় ৬০ মিলিয়ন ডলারের অর্থায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া, ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি জানান, গ্লোবাল শিল্ডের আওতায় বাংলাদেশ ৩০ মিলিয়ন ইউরো অনুদান পাওয়ার সুযোগ তৈরি করেছে। এই অর্থ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা এবং দেশের আর্থিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে কাজে লাগবে। অন্যদিকে, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের (সিআইএফ) আওতায় জলবায়ুসহিষ্ণু উন্নয়ন ও অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য আরও অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে। এই অর্থায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটেও যুক্ত হয়েছে। ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধার, উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা এবং কার্বন নিঃসরণ কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বিশেষ সহকারী। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নে অনুদান কমে যাওয়ার পরিস্থিতিতে বাংলাদেশের এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিকে প্রেস ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ড. সাইমুম পারভেজ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দলটি এখন আর রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হওয়ার অবস্থানে নেই; বরং জনবিচ্ছিন্ন একটি ‘কাল্টে’ পরিণত হয়েছে।
গণহত্যার পরও দলটির মধ্যে অনুশোচনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলেও জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।
ড. সাইমুম পারভেজ আরও বলেন, অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন