প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ রেলওয়ে যাত্রী ও পণ্য পরিবহনে ইঞ্জিন সংকট কাটানোর লক্ষ্যে আগামী ২০২৮ সালের মধ্যে কমপক্ষে ১০টি এবং ২০৩০ সালের মধ্যে আরও ২০টি লোকোমোটিভ বহরে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। এই লোকোমোটিভগুলোর জন্য ২ হাজার ৩০০ কোটি টাকার দরপত্র প্রক্রিয়া আগামী মাসের মধ্যে সম্পন্ন হবে। এবারের চালানে মিটার গেজের পাশাপাশি ব্রডগেজ রেলপথে চলাচলের উপযোগী উন্নত প্রযুক্তির ইঞ্জিন কেনা হবে।
রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপে ট্র্যাকে যাত্রী বা পণ্য পরিবহনের পরিবর্তে ইঞ্জিনগুলোকে অধিক সময় কাটাতে হয়। যাত্রাপথে বিভিন্ন ত্রুটির কারণে এসব ইঞ্জিন থমকে যায়। এমনকি চলার পথে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে সচল ইঞ্জিনগুলোর গতিও কমিয়ে দেয়ার নির্দেশনা রয়েছে। এর ফলে বাংলাদেশ রেলওয়ের গতি কমে যাচ্ছে এবং নানামুখী সংকট তৈরি হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মন্তব্য করেন, ‘মাত্র চার থেকে সাতটি ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে। এসব ইঞ্জিনের গতি স্বাভাবিক নয়। অন্য যেসব ইঞ্জিন রয়েছে, সেগুলোর গতিও সীমিত করে দেয়া হয়েছে। ফলে অনেক সময় ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না।’
লোকোমাস্টার মো. গোলাম শাহরিয়ার জানান, ‘ইঞ্জিন সংকট দূর করতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। প্রতিবছর কতটি লোকোমোটিভ দরকার এবং আগামী দুই বা পাঁচ বছরে কতটি ইঞ্জিনের ঘাটতি তৈরি হতে পারে, তা আগেই নির্ধারণ করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এই সংকট দূর করা সম্ভব নয়।’
রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন ৫৮টি আন্ত:নগর, ৩৮টি লোকাল এবং ৬০টি মেইল, কমিউটার ও গুডস ট্রেনসহ দেড় শতাধিক ট্রেন চলাচল করছে। এসব ট্রেন পরিচালনায় প্রতিদিন অন্তত ১২১টি লোকোমোটিভ বা ইঞ্জিন প্রয়োজন। বিশেষ করে যাত্রীবাহী ট্রেনের জন্য ৮০টি, কনটেইনারসহ পণ্য পরিবহনে ১০টি এবং শান্টিংয়ের কাজে ১২ থেকে ১৫টি ইঞ্জিনের চাহিদা রয়েছে। কিন্তু এই চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া যায় মাত্র ৭০ থেকে ৭৫টি ইঞ্জিন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘দৈনন্দিন ট্রেন পরিচালনার জন্য পূর্বাঞ্চলে প্রয়োজনের তুলনায় ইঞ্জিনের সংখ্যা কম থাকে। ফলে ট্রেন পরিচালনায় সমস্যায় পড়তে হয়। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন চালানোর পরিকল্পনা থাকলেও ইঞ্জিন সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।’
এই পরিস্থিতিতে সংকট কাটানোর জন্য নতুন ৩০টি ইঞ্জিন কেনার উদ্যোগ নিয়েছে সরকার। দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে এগিয়ে নেয়া হয়েছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে দরপত্র খোলা হবে। চুক্তি স্বাক্ষরের ১৮ মাসের মধ্যে ইঞ্জিন সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথম পর্যায়ে ২০২৮ সালে ১০টি এবং পরবর্তী দুই বছরে আরও ২০টি ইঞ্জিন রেলওয়ের বহরে যুক্ত হবে। মূলত দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় এই ইঞ্জিন কেনার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন