প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে লাগা আগুনের ঘটনায় ৭৭ জন শিক্ষার্থীসহ ভর্তি হয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, কারণ ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে চারজনকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে, এবং একজন লাইফ সাপোর্টে রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা পার হওয়ার আগে তাদের ঝুঁকিমুক্ত বলা সম্ভব নয়। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন এসব তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে ৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতোমধ্যে ১৪ জনকে ছাড় দেওয়া হয়েছে। বাকি রোগীদের শারীরিক অবস্থা চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।
পাপন আরও বলেন, গুরুতর রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে। কিছু রোগীর কাশির সঙ্গে রক্ত আসছে। শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গও দেখা দিয়েছে।
তিনি বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন, তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে, তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, একজন সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। দুপুর ১২টায় অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থার ভিত্তিতে তাদের মধ্য থেকে কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে।
এসময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ও ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম, ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন