১২:২৩ পি.এম
ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজকের শিক্ষার্থীদের আগামী দিনের দেশ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) এর উদ্যোগে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে টিসিজেএ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।’
আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান, দেশে আলাদা অ্যান্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে
ভিডিও সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নানা ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে মাঠপর্যায়ে কাজ করেন ক্যামেরা সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুবদলের সহসভাপতি মো. ইকবাল হোসেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার লায়ন সালাউদ্দিন, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান আসিফ চৌধুরী এবং নাগরিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এনামুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সহসভাপতি সঞ্জীব দে বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্ব পাবে জলবায়ু ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন