প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এসব তথ্য প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক উপস্থিত থাকবেন।
মিডিয়া ব্রিফিংয়ে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।
ভাইস-চ্যান্সেলর জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের কারিকুলাম সংস্কারের কাজ চলছে। মোট ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ৫৫০টির সংস্কার সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম সংস্কারের লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডেটা প্রসেসিং, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিভুক্ত কলেজের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে ১২ হাজার শিক্ষককে। ইতিমধ্যে সাড়ে তিন হাজার শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৭টি কলেজে ভাষা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। চলতি বছরের মধ্যে আরো ১০০টি ভাষা ক্লাব প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। নারী শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৫০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান শিক্ষার্থী ও ঝরে পড়া তরুণদের জন্য ১০ থেকে ১৪ ক্রেডিটের মাইক্রো-লার্নিং ও মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স চালুর করা হচ্ছে।
ড. আমানুল্লাহ বলেন, বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষায় অংশ নিয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী। দীর্ঘদিনের বিভিন্ন পর্যায়ের সেশনজট থাকলেও ইতোমধ্যে এক বছর কমানো হয়েছে।
তিনি বলেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। পরীক্ষার কারণে কলেজের নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া ঠেকাতে প্রাথমিকভাবে ৩০০টি এবং পর্যায়ক্রমে ৫০০টি উপজেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাও পুনরায় চালু করা হয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এরই মধ্যে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে আরো ২০টি কেন্দ্র চালুর উদ্যোগ রয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি ১৫০টি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সঙ্গে পাঠ্যপুস্তক ও প্রকাশনা কার্যক্রম নিয়েও সমঝোতা হয়েছে।
এ শিক্ষাবিদ বলেন, পরিবেশ সংরক্ষণে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পাঁচ বছরে দুই কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ২৫০টি কলেজে লক্ষাধিক গাছ লাগানো হয়েছে। ‘গ্রিন ক্যাম্পাস, গ্রিন এনার্জি’ কর্মসূচির আওতায় ২৫০টি কলেজকে পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের কাজ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে কমপক্ষে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। ৬৪ জেলায় পারফরমিং আর্টস কলেজ সম্প্রসারণ এবং স্পোর্টস সায়েন্স বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ‘রোডম্যাপ ২০৩০’-এর আওতায় অধিভুক্ত কলেজগুলোকে স্থানীয় পর্যায়ের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কলেজগুলোর অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন ত্বরান্বিত হবে। ২৮ নভেম্বরের অধ্যক্ষ সম্মিলন সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশের ৬৪টি জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে সম্মিলনটি একটি প্রাণবন্ত, ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন