প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তিনজনকে আটক করেছে, যাদের কাছে প্রায় ৩৯৭.৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ ছিল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) এবং মো. জলিল (৪৬)।
এয়ারপোর্ট এপিবিএন জানায়, দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে ওই তিনজনকে কার পার্কিংয়ের নিচতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।
পরে তাদের দেহ তল্লাশি করে ৩৯৭.৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারগুলো ২২ ক্যারেটের বলে পুলিশ জানিয়েছে।
এপিবিএনের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে এসব স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ বাংলাদেশে আনা হয়েছে। তারা জানান, চোরাচালানের উদ্দেশ্যে এসব পণ্য আনা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।
এয়ারপোর্ট (১৩) এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। মাদক ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন