০২:৩৫ পি.এম
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, সউদী আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এবং বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির মতে, সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।
বুধবার, হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রাস তানুরায় তাদের হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যা উপসাগরীয় অঞ্চলের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র। রিয়াদের বাণিজ্যিক এলাকায় তিন দফায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সউদী বাহিনীর বিরুদ্ধে আরও হামলা চালানোর হুঁশিয়ারিও দেন।
এদিকে, বুধবার সকালে সউদী নেতৃত্বাধীন জোট জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাস তানুরার কাছে চারটি ড্রোন ভূপাতিত করেছে।
আরও পড়ুন: মার্কিন সেনাবাহিনী লেড অ্যাজাইড ধ্বংসের জন্য বিস্ফোরণের পরিকল্পনা করেছে
সউদী বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, মঙ্গলবার রিয়াদের বাণিজ্যিক এলাকার একটি বহুতল ভবনে ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন সউদী নাগরিক, দুজন ভারতীয়, তিনজন নেপালি এবং চারজন মিশরীয় নাগরিক রয়েছেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই ভবনে এটি দ্বিতীয় হামলা। গত ১৯ নভেম্বরের হামলায় ভবনটির অবকাঠামোগত ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সউদী বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত ছবিতে দেখা গেছে, সউদী পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রধান কার্যালয় এবং আকাশচুম্বী ভবনটির মাঝামাঝি অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার আগে ওই এলাকায় লাউডস্পিকার লাগানো একটি গাড়ি থেকে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছিল।
সউদী জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেন, বেসামরিক নাগরিক ও স্থাপনায় ইচ্ছাকৃত হামলার কঠোর জবাব দেওয়া হবে।
হামলার ঘটনায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন ও পাকিস্তান তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে ফোনালাপে ইরান-সমর্থিত হুথিদের এই হামলার নিন্দা জানান। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, আহত দুই ভারতীয় নাগরিক ও তাদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারতে দুই বাবার লড়াই, নৈপথ্যে কী ঘটছে?
উল্লেখ্য, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে ইয়েমেনের গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে হুথিরা সউদী আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। বর্তমানে রিয়াদগামী অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ফুটবলের এএফসি এশিয়ান কাপসহ বেশ কিছু বড় আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছে সউদী কর্তৃপক্ষ।
এছাড়া, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত লোহিত সাগরীয় বন্দর হোদেইদা এবং উত্তরাঞ্চলীয় দুটি প্রদেশে পাল্টা বিমান হামলা চালিয়েছে সউদী নেতৃত্বাধীন জোট। এই সংঘাতের ফলে ইয়েমেনে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে এবং জুলাই থেকে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: আল জাজিরা ও এএফপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন