প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ফলে চারজন মারা গেছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির ব্রচকো জেলার গোরিচে গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।
ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হেলিকপ্টারটি মাটিতে উল্টে পড়ে রয়েছে এবং এর বিভিন্ন অংশ ভেঙে গেছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় নিহতদের স্বজন ও মিশনে নিয়োজিত সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার কারণ জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, বিধ্বস্ত হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়নের পরিচালিত ‘অপারেশন আলথিয়া’র অংশ হিসেবে বসনিয়া ও হার্জেগোভিনায় মোতায়েন ছিল। ডেটন শান্তিচুক্তি বাস্তবায়নের বিষয়টি তদারকি করা এ মিশনের মূল দায়িত্ব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন