প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর দুটি সেতু নির্মাণের দাবি দীর্ঘকাল ধরে রয়েছে। সাদামাটি, কয়লা, সোমেশ্বরী নদী লাল বালি এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফসলের সঠিক সময়ে পরিবহন নিশ্চিত হলে স্থানীয় অর্থনীতির চাকা পরিবর্তিত হবে।
প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শনে এসেছেন প্রকল্পের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে প্রকল্প পরিচালক (পিডি)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেছে। পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সদস্যরা সেতু নির্মাণের সম্ভাব্য স্থান, নদীর বর্তমান অবস্থা, আশপাশের যোগাযোগব্যবস্থা এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার জানান, ময়মনসিংহ বিভাগের পাঁচটি সম্ভাব্য সেতু নির্মাণস্থলের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত হবে দুটি সেতু। এ লক্ষ্যে প্রস্তাবিত সোমেশ্বরী নদীর দুটি স্থান পরিদর্শন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরেজমিনে এ ধরনের পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্ভাব্যতা যাচাই শেষে পর্যায়ক্রমে প্রকল্পের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ সরকার ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামী উন্নয়ন ব্যাংক প্রকল্পের ৭০ শতাংশের বেশি অর্থায়ন করবে এবং বাকি অর্থ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়ার প্রক্রিয়া চলছে।
দুর্গাপুর-কলমাকান্দা এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে চারটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় চারটি সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রচেষ্টায় সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রকল্প পরিচালক মি. সজিব, নির্বাহী প্রকৌশলী মি. সাফায়াত, উপ-বিভাগীয় প্রকৌশলী ফখরুল ইসলাম তুহিন, মি. বিজয়, জেলা প্রকৌশলী মি. ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক হারেজ গনিসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল এই চারটি বড় সেতু নির্মাণ করে দেওয়া। সেতুগুলি সম্পন্ন হলে দুর্গাপুর উপজেলা পর্যটন নগরী হিসেবে দেশের ভ্রমণপিপাসুদের কাছে নতুনভাবে পরিচিতি লাভ করবে। নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক অনেক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। শিক্ষা, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতিকে এগিয়ে নিতে এলাকার সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন