১০:৫২ পি.এম
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায়, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য মেলে, সেখানে আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দু'দিন ব্যাপী বীচ কার্নিভাল উৎসব বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। এই আয়োজনের মাধ্যমে কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন একটি সভার আয়োজন করেছে, যেখানে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
রবিবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের কনফারেন্স হলে এই সভাটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৭ সালে শেষবার বীচ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৯ বছরের বিরতির পর, এবার ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটা বীচ কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান জনাব মো. শামীমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।
আরও পড়ুন: রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার
এছাড়া সভায় পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, বরিশাল বিভাগীয় ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) অর্নিবান চাকমা, সহকারী কমিশনার( ভূমি) ইয়াসীন সাদেক এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, উদ্যোক্তা ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের কার্নিভালের আয়োজনের উদ্দেশ্য হলো কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটকদের কাছে এই অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তোলা। কার্নিভালকে কেন্দ্র করে সৈকত ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কার্নিভালে থাকবে বীচ ক্যাম্পিং, বিচ ফুটবল, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ উৎসব, পুথি পাঠ, প্রি-ইভেন্টসহ নানা আয়োজন। পাশাপাশি, স্থানীয় পণ্য, খাবার ও পর্যটনকে ঘিরেও বিভিন্ন কর্মসূচি থাকবে।
আরও পড়ুন: ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন