প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক ভ্যানচালকের মেধাবী কন্যা তিথি বিশ্বাস মেধার আলো ছড়িয়েছেন। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ অর্জন করার পর তার পরিবারের আর্থিক অসচ্ছলতা উচ্চশিক্ষার পথে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছিল। তবে বরিশাল জেলা প্রশাসন তিথির সেই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। উচ্চশিক্ষার সহায়ক হিসেবে তাঁকে নগদ অর্থ প্রদান করা হয়েছে, যাতে তিথির পড়াশোনা অব্যাহত রাখা সম্ভব হয়।
তিথি বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তিনি আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। তার বাবা সুখরঞ্জন বিশ্বাস একজন সাধারণ ভ্যানচালক। সীমিত আয়ে সংসারের নিত্যদিনের খরচ মেটানোর পাশাপাশি চার মেয়ের পড়াশোনার ব্যয় বহন করা তাঁর জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করলেও উচ্চশিক্ষায় ভর্তি, বইপত্র কেনা ও যাতায়াতের খরচ নিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তায় ছিল।
তিথির মেধা এবং পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনা করে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসনের এই উদ্যোগ তিথির উচ্চশিক্ষার স্বপ্নকে এগিয়ে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তিথির স্বজনরা।
বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার এ বিষয়ে বলেন, "সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সহায়তার আবেদনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার কার্যক্রম অব্যাহত রয়েছে।" তিনি আরও বলেন, "বিশেষ করে আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন মাঝপথে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে জেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক।"
তিনি যোগ করেন, "একজন ভ্যানচালকের মেয়ের জিপিএ-৫ অর্জন এবং তার উচ্চশিক্ষায় জেলা প্রশাসনের এই সহযোগিতা সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।" মেধা যেন কখনোই দারিদ্র্যের কাছে হার না মানে—এই প্রত্যাশা নিয়ে তিথির মতো অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন