প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৯৫৫ সালে নিজের সঙ্গীকে হত্যার দায়ে মৃত্যু দণ্ড কার্যকর হওয়া ব্রিটেনের শেষ নারী রুথ এলিসের সাজা প্রতীকীভাবে পরিবর্তন করা হয়েছে। বুধবার, রাজা তৃতীয় চার্লস সরকারের পরামর্শে তার মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপ দেন।
ব্রিটিশ সরকার জানিয়েছে, রুথ এলিস 'ঐতিহাসিক অবিচারের' শিকার হয়েছিলেন। তার মামলার নতুন পর্যালোচনায় এমন তথ্য পাওয়া গেছে, যা দেখায় তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক নির্যাতন এবং জোরপূর্বক নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার ছিলেন। সরকারের মতে, বর্তমান সময়ে এই ধরনের প্রমাণ আদালতে ভিন্নভাবে মূল্যায়ন করা হতো।
এক বিবৃতিতে বিচারমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ৭০ বছর আগে যা ঘটেছে, তা আর পরিবর্তন করা সম্ভব নয়। তবে এখন অন্তত এটুকু স্বীকার করা যায় যে, রুথ এলিসের ঘটনা ছিল ব্যতিক্রমী এবং তার সঙ্গে অন্যায় হয়েছে। তিনি আরো বলেন, এই শর্তসাপেক্ষ ক্ষমা মানবিকতার একটি পদক্ষেপ। এতে রুথ এলিসের পরিবারের সদস্যরা কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন বলে সরকার আশা করছে।
রুথ এলিসের চার নাতি-নাতনি তার সাজা পরিবর্তনের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন। এর আগে ২০ বছরেরও বেশি সময় আগে তার বোন মুরিয়েল ইয়াকুবাইটও আদালতে চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন, রুথ এলিসের বিরুদ্ধে দেওয়া হত্যার রায় পরিবর্তন করে সেটিকে উসকানির কারণে সংঘটিত হত্যাকাণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তবে সেই চেষ্টা সফল হয়নি। ব্রিটেনে রাজা বা রানি বিশেষ রাজকীয় ক্ষমতা ব্যবহার করে কোনো ব্যক্তিকে ক্ষমা করতে বা তার সাজা পরিবর্তন করতে পারেন। তবে এই ক্ষমতা সাধারণত সরকারের সুপারিশের ভিত্তিতেই প্রয়োগ করা হয়।
ব্রিটেনে মৃত্যুদণ্ডের আইন ১৯৯৮ সাল পর্যন্ত কার্যকর ছিল। তবে হত্যার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান ১৯৬৫ সালেই বাতিল করা হয়। এরপর আর হত্যার মামলায় কাউকে ফাঁসি দেওয়া হয়নি। সর্বশেষ ১৯৬৪ সালে হত্যার দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। রুথ এলিস ব্রিটেনের ইতিহাসে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া শেষ নারী। প্রায় সাত দশক পর তার সাজা পরিবর্তনের মাধ্যমে ব্রিটিশ সরকার স্বীকার করল, সে সময় তার মামলায় বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বাস্তবতা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন