প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রতিষ্ঠান চাতলপাড় ডিগ্রি কলেজের ডিগ্রি শাখা চালু হওয়ার ১৫ বছর পেরিয়ে গেলেও এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেতন-ভাতা ছাড়াই পাঠদান করছেন ১০ জন শিক্ষক। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কলেজ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুদানে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় চাতলপাড় ডিগ্রি কলেজ। পরবর্তীতে ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) শাখা চালু হয়। তবে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ডিগ্রি বিভাগের শিক্ষকরা সরকারি বেতন-ভাতার আওতায় আসতে পারেননি।
বর্তমানে কলেজটিতে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রায় ৩৫০ জন এবং ডিগ্রি শাখায় প্রায় ২০০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন মোট ২৭ জন। এর মধ্যে ডিগ্রি বিভাগের ১০ জন শিক্ষক টানা ১৫ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন।
ডিগ্রি বিভাগের এক শিক্ষক বলেন, "শিক্ষকতায় যোগ দেওয়ার সময় সরকারি চাকরিতে আবেদন করার বয়স ছিল। এখন সেই সুযোগও নেই। দীর্ঘ ১৫ বছর ধরে বিনা বেতনে চাকরি করে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে।"
কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী বলেন,
"২০১১ সালে ডিগ্রি বিভাগ চালু হয়। কিন্তু এখন পর্যন্ত ডিগ্রি বিভাগের কোনো শিক্ষক সরকারি বেতন-ভাতা পান না। আমরা তিনবার এমপিওভুক্তির জন্য আবেদন করেছি। যা পাই, তা দিয়ে কোনো রকম টেনেটুনে সংসার চলে।"
তিনি আরও জানান, ডিগ্রি বিভাগ এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে এবং এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিভাগের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দাবি, হাওরাঞ্চলের শিক্ষার স্বার্থে চাতলপাড় ডিগ্রি কলেজের ডিগ্রি শাখা দ্রুত এমপিওভুক্ত করা হোক এবং দীর্ঘদিন ধরে বেতনবঞ্চিত শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন